অর্থনীতি

৬ মাসে ৯৫ কারখানা বন্ধ, কাজ হারিয়েছেন প্রায় ৬২ হাজার মানুষ: সিপিডি

নতুন সরকারের কাছে মানুষের প্রধান দুটি প্রত্যাশা ছিল অর্থনৈতিক পুনরুদ্ধার এবং সুশাসন প্রতিষ্ঠা

তাজা খবর: নতুন সরকারের প্রথম ছয় মাসে অর্থনীতিতে কিছু ইতিবাচক পরিবর্তন এলেও সামগ্রিকভাবে নেতিবাচক প্রবণতাই বেশি বলে জানিয়েছে বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান সেন্টার ফর পলিসি ডায়ালগ (সিপিডি)। প্রতিষ্ঠানটির হিসাবে, অর্থনীতির ৩১টি গুরুত্বপূর্ণ সূচকের মধ্যে ১৯টিতেই অবনমন হয়েছে। একই সময়ে দেশের প্রধান তিন শিল্পাঞ্চলে ৯৫টি কারখানা স্থায়ীভাবে বন্ধ হয়ে কর্মসংস্থান হারিয়েছেন ৬১ হাজার ৮৮১ জন শ্রমিক।

সিপিডির আশঙ্কা, অর্থনীতিকে সঠিক পথে পরিচালনা এবং প্রয়োজনীয় সংস্কার কার্যকর করা না গেলে সরকার আবারও পুরোনো সিন্ডিকেট ও স্বার্থগোষ্ঠীর প্রভাবে পড়তে পারে। এ জন্য অর্থনৈতিক সংস্কারে রাজনৈতিক সদিচ্ছা ও দৃঢ় সিদ্ধান্ত নেওয়ার ওপর গুরুত্ব দিয়েছে সংস্থাটি।

সোমবার (২৪ আগস্ট) রাজধানীতে সিপিডির কার্যালয়ে আয়োজিত ‘নতুন সরকারের প্রথম ছয় মাস: একটি অর্থনৈতিক পর্যালোচনা’ শীর্ষক সংলাপে এসব তথ্য তুলে ধরা হয়।

সংলাপে সিপিডির সম্মাননীয় ফেলো ড. দেবপ্রিয় ভট্টাচার্য বলেন, নতুন সরকারের কাছে মানুষের প্রধান দুটি প্রত্যাশা ছিল অর্থনৈতিক পুনরুদ্ধার এবং সুশাসন প্রতিষ্ঠা। মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ, বিনিয়োগ ও কর্মসংস্থান বৃদ্ধি করে অর্থনীতিকে পুনরুদ্ধারের প্রত্যাশা থাকলেও ছয় মাসের মূল্যায়নে কিছুটা অস্বস্তির জায়গা তৈরি হয়েছে।

তিনি বলেন, সরকার দায়িত্ব নেওয়ার সময় দেশের অর্থনীতি কোন অবস্থায় ছিল, সে বিষয়ে এখন পর্যন্ত কোনো সমন্বিত তথ্যভিত্তিক দলিল তৈরি করা হয়নি। সরকার বারবার খারাপ অর্থনৈতিক পরিস্থিতিতে দায়িত্ব নেওয়ার কথা বললেও সেই পরিস্থিতির একটি সুনির্দিষ্ট নথি না থাকায় সরকারের বিভিন্ন বক্তব্য ও পরিসংখ্যানের মধ্যে সমন্বয় করা কঠিন হয়ে পড়েছে।

ড. দেবপ্রিয়ের মতে, সংস্কার কর্মসূচি বাস্তবায়নের ক্ষেত্রেও সমন্বিত কোনো কর্মপরিকল্পনা দৃশ্যমান নয়। প্রয়োজনীয় সংস্কারে রাজনৈতিক সাহসের অভাব এবং আমলাতান্ত্রিক চাপের কারণে অনেক ক্ষেত্রে কার্যকর সিদ্ধান্ত নেওয়া যাচ্ছে না বলেও মন্তব্য করেন তিনি।

সিপিডি জানিয়েছে, নতুন সরকারের প্রতিশ্রুতি ও গৃহীত পদক্ষেপ মূল্যায়নে তারা প্রায় ৩৬২টি উদ্যোগের তালিকা করেছে। এগুলোকে ৯টি ভাগে বিভক্ত করে ‘রিফর্ম ট্র্যাকার’-এর আওতায় মূল্যায়ন করা হচ্ছে। সুশাসনের ক্ষেত্রেও ১০৫টি ঘটনা পর্যবেক্ষণে রাখা হয়েছে।

শিল্পে বাড়ছে উদ্বেগ

সিপিডির তথ্য অনুযায়ী, চলতি বছরের জানুয়ারি থেকে আগস্ট পর্যন্ত গাজীপুর, সাভার-আশুলিয়া এবং নারায়ণগঞ্জ-নরসিংদী—এই তিন প্রধান শিল্পাঞ্চলে ৯৫টি কারখানা স্থায়ীভাবে বন্ধ হয়েছে। এতে সরাসরি কর্মসংস্থান হারিয়েছেন ৬১ হাজার ৮৮১ জন।

গ্যাস সংকটের কারণে টেক্সটাইল, ইস্পাত, কাগজ, পার্টিকেলবোর্ড, সিরামিকসহ বিভিন্ন গ্যাসনির্ভর শিল্প ক্ষতিগ্রস্ত হয়েছে। শিল্পে গ্যাসের ব্যবহার ১ হাজার ১৮৬ মিলিয়ন ঘনফুট থেকে কমে ১ হাজার ১৪৮ মিলিয়ন ঘনফুটে নেমেছে। একই সময়ে বিদ্যুৎ উৎপাদন সূচকের প্রবৃদ্ধি ৫ দশমিক ৬ শতাংশ থেকে ঋণাত্মক শূন্য দশমিক ১ শতাংশে নেমেছে।

সিপিডির হিসাবে, অর্থনীতির ৩১টি প্রধান সূচকের মধ্যে প্রবাসী আয় ও বৈদেশিক মুদ্রার রিজার্ভসহ ১২টি সূচকে উন্নতি হয়েছে। তবে মূল্যস্ফীতি, মাথাপিছু ঋণ, বিনিয়োগ ও কর্মসংস্থানসহ বাকি ১৯টি সূচকে অবনতি বা গভীর উদ্বেগের কারণ দেখা গেছে।

মূল্যস্ফীতি কমলেও স্বস্তি ফেরেনি

সিপিডি বলছে, মূল্যস্ফীতিতে কিছুটা উন্নতি হলেও সাধারণ মানুষের জীবনে পুরোপুরি স্বস্তি ফিরে আসেনি। সার্বিক মূল্যস্ফীতি ৯ দশমিক ১ শতাংশ থেকে কমে ৮ দশমিক ৩ শতাংশে নেমেছে। খাদ্য মূল্যস্ফীতি ৯ দশমিক ৩ শতাংশ থেকে ৭ দশমিক ২ শতাংশে নেমেছে।

তবে মজুরি বৃদ্ধির হার ৮ দশমিক ১ শতাংশ থেকে সামান্য বেড়ে ৮ দশমিক ২ শতাংশ হলেও প্রকৃত মজুরি প্রবৃদ্ধি এখনো নেতিবাচক রয়েছে। অর্থাৎ মূল্যস্ফীতির তুলনায় মানুষের আয় বাড়ছে না।

এদিকে, চলতি অর্থবছরে সরকারের রাজস্ব ঘাটতি ১ লাখ ৩০ হাজার কোটি থেকে ১ লাখ ৪০ হাজার কোটি টাকা পর্যন্ত হতে পারে বলেও পূর্বাভাস দিয়েছে সিপিডি।

ড. দেবপ্রিয় ভট্টাচার্য বলেন, নতুন ঋণ নেওয়ার আগে দেশের বিদ্যমান ঋণের পরিমাণ, পরিশোধের সময়সীমা এবং ঋণ ব্যবস্থাপনার সক্ষমতা নিয়ে একটি সমন্বিত মূল্যায়ন প্রয়োজন ছিল।

কিছু উদ্যোগকে ইতিবাচক বলছে সিপিডি

সরকারের বেশ কয়েকটি পদক্ষেপকে ইতিবাচক হিসেবে উল্লেখ করেছে সিপিডি। এর মধ্যে রয়েছে ব্যক্তিগত করদাতাদের করমুক্ত আয়সীমা বৃদ্ধি, অপ্রকাশিত অর্থ বৈধ করার প্রস্তাব প্রত্যাহার, ই-রিটার্ন ও ডিজিটাল আয়কর ব্যবস্থার সম্প্রসারণ এবং তৈরি পোশাকের বাইরে অন্যান্য রপ্তানিমুখী শিল্পে বন্ডেড ওয়্যারহাউস সুবিধা সম্প্রসারণ।

দক্ষিণ কোরিয়ার সঙ্গে সিইপিএ স্বাক্ষর, বিডা, বেজা ও পিপিপি কর্তৃপক্ষকে একীভূত করে ‘ইনভেস্ট বাংলাদেশ’ গঠন, স্টার্টআপ তহবিল গঠন, ৬৫ বছর বা তার বেশি বয়সীদের মেট্রো ও ট্রেনভাড়ায় ২৫ শতাংশ ছাড় এবং কৃষিঋণের সর্বোচ্চ ১০ হাজার টাকা পর্যন্ত ঋণ ও সুদ মওকুফের উদ্যোগকেও ইতিবাচক হিসেবে দেখা হয়েছে।

এ ছাড়া নারী পরিচালিত ‘পিংক বাস সার্ভিস’ চালুর উদ্যোগের কথাও উল্লেখ করেছে সংস্থাটি।

ব্যাংক খাতে পাঁচটি দুর্বল ইসলামী ব্যাংক একীভূত করে সম্মিলিত ইসলামী ব্যাংক গঠন এবং পাঁচটি অকার্যকর আর্থিক প্রতিষ্ঠানের ক্ষেত্রে ব্যাংক রেজুলেশন আইন, ২০২৬ প্রয়োগকেও ইতিবাচক পদক্ষেপ বলেছে সিপিডি। তবে বাংলাদেশ ব্যাংকের স্বাধীনতা এবং শীর্ষ পর্যায়ের নিয়োগ নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে প্রতিষ্ঠানটি।

সুশাসন ও সংস্কারে প্রশ্ন

সুশাসনের ক্ষেত্রে সরকারি এমপিদের প্লট ও গাড়ি না নেওয়ার সিদ্ধান্ত, রামিসা হত্যাকাণ্ডের দ্রুত বিচার এবং কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করে পরিবহন ব্যবস্থায় শৃঙ্খলা আনার উদ্যোগকে ইতিবাচক হিসেবে উল্লেখ করা হয়েছে।

তবে রাজনৈতিকভাবে সংশ্লিষ্ট ব্যক্তিদের উচ্চপদে নিয়োগ দেওয়ার বিষয়টি উদ্বেগজনক বলে মনে করছে সিপিডি। মেধার ভিত্তিতে নিয়োগ দেওয়ার সরকারি প্রতিশ্রুতিরও ব্যত্যয় ঘটেছে বলে মন্তব্য করেন ড. দেবপ্রিয়।

আইনশৃঙ্খলা ও মানবাধিকারের ক্ষেত্রেও বিভিন্ন আইন ও ব্যবস্থায় ত্রুটি ও অসম্পূর্ণতা রয়েছে বলে উল্লেখ করেন তিনি। সরকারের ‘জিরো টলারেন্স’ নীতি ঘোষণার পরও মব সহিংসতা এবং নারী, শিশু ও ধর্মীয় সংখ্যালঘুদের ওপর হামলার ঘটনা অব্যাহত থাকায় সরকারের জন্য অস্বস্তিকর পরিস্থিতি তৈরি হয়েছে বলেও মন্তব্য করেন তিনি।

সংলাপে সিপিডির সম্মাননীয় ফেলো অধ্যাপক মোস্তাফিজুর রহমান এবং অতিরিক্ত গবেষণা পরিচালক তৌফিকুল ইসলাম খান উপস্থিত ছিলেন।

সিপিডির মূল্যায়ন অনুযায়ী, ছয় মাসে অর্থনীতিতে কিছু ক্ষেত্রে অগ্রগতি দেখা গেলেও বিনিয়োগ, কর্মসংস্থান, শিল্প উৎপাদন এবং কাঠামোগত সংস্কারের ক্ষেত্রে দুর্বলতা রয়ে গেছে। প্রতিষ্ঠানটির মতে, এসব চ্যালেঞ্জ মোকাবিলায় দ্রুত ও সমন্বিত উদ্যোগ নেওয়া না গেলে অর্থনীতির পুনরুদ্ধারের পথ আরও কঠিন হয়ে উঠতে পারে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button