শিক্ষা ও সংস্কৃতি

জাকসু ভিপির বিরুদ্ধে অভিযোগ তদন্তের দাবি, রেজিস্ট্রার ভবন ঘেরাওয়ের হুঁশিয়ারি

জাকসু ভিপির সঙ্গে নিষিদ্ধ ছাত্রলীগের সংশ্লিষ্টতার অভিযোগ

তাজা খবর: জাকসু ও হল সংসদের আবাসন বৈষম্য বাতিল, নিয়োগ ও পদোন্নতি বোর্ডে অনিয়মের অভিযোগ তদন্ত এবং জাকসু ভিপির সঙ্গে নিষিদ্ধ ছাত্রলীগের সংশ্লিষ্টতার অভিযোগ তদন্তসহ ছয় দফা দাবিতে মানববন্ধন করেছে জাতীয় ছাত্রশক্তি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় সংসদের নেতা-কর্মীরা

রবিবার (১৩ সেপ্টেম্বর) বিকেল ৩টার দিকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

এর আগে গত ১৯ আগস্ট চার দফা দাবিতে বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে স্মারকলিপি দিয়েছিল সংগঠনটি। পরে আরও দুটি দাবি যুক্ত করে মোট ছয় দফা দাবি জানানো হয়। এসব বিষয়ে দ্রুত তদন্ত কমিটি গঠন ও ব্যবস্থা নেওয়া না হলে রেজিস্ট্রার ভবন ঘেরাও করা হবে বলে মানববন্ধন থেকে হুঁশিয়ারি দেন ছাত্রশক্তির নেতারা।

ছাত্রশক্তির ছয় দফা দাবির মধ্যে রয়েছে জাকসু ও হল সংসদ নেতাদের বৈষম্যমূলক আবাসনসংক্রান্ত প্রজ্ঞাপন বাতিল, কর্মচারী-কর্মকর্তা নিয়োগ ও পদোন্নতি বোর্ডে আর্থিক লেনদেনের অভিযোগের তদন্ত এবং অটোরিকশা ও দোকান থেকে চাঁদা আদায়ের অভিযোগে জাকসু ভিপি আবদুর রশিদ জিতু ও সালাম-বরকত হলের ভিপির বিরুদ্ধে তদন্ত।

এ ছাড়া ফজিলাতুন্নেছা হলের ভিপি ঐশী সরকারের বিরুদ্ধে ট্রেজারি ফান্ডের টাকা আত্মসাতের অভিযোগ তদন্ত, নিষিদ্ধ ছাত্রলীগের সঙ্গে সংশ্লিষ্টতার অভিযোগে আটক আসাদুল আলম শেখের বিরুদ্ধে সাইবার আইনের পরিবর্তে সন্ত্রাসবিরোধী আইনে মামলা এবং জাকসু ভিপি আবদুর রশিদ জিতু ও জুলাই হামলায় অভিযুক্ত শিক্ষক হোসনে আরা বেবির সঙ্গে নিষিদ্ধ ছাত্রলীগের যোগাযোগের অভিযোগ তদন্ত করে ব্যবস্থা নেওয়ার দাবি জানানো হয়েছে।

মানববন্ধনে ছাত্রশক্তি জাবি সংসদের সভাপতি জিয়া উদ্দিন আয়ান বলেন, গত ১৯ আগস্ট প্রশাসনের কাছে চার দফা দাবিতে স্মারকলিপি দেওয়া হলেও এখন পর্যন্ত কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। তাঁর অভিযোগ, জাকসু ভিপি আবদুর রশিদ জিতুর বিরুদ্ধে চাঁদা আদায় এবং নিষিদ্ধ ছাত্রলীগের সঙ্গে ইন্ধন দেওয়ার অভিযোগ রয়েছে।

তিনি বলেন, গণমাধ্যমে জাকসু ভিপিকে এক ছাত্রলীগ কর্মীকে উদ্দেশ করে, “আমি জেতা মানে তোরাই জেতা”—এমন বক্তব্য দিতে দেখা গেছে। তাঁর দাবি, এই বার্তার মাধ্যমে ছাত্রলীগকে শেল্টার দেওয়ার বিষয়টি প্রমাণিত হয়। জুলাই শহীদদের সঙ্গে বেইমানি করা ভিপির বিরুদ্ধে দ্রুত তদন্ত কমিটি গঠনের দাবি জানান তিনি। অন্যথায় উপাচার্য নিজেই তাকে শেল্টার দিচ্ছেন বলে মনে হবে বলেও মন্তব্য করেন জিয়া উদ্দিন আয়ান।

তিনি আরও বলেন, নিষিদ্ধ ছাত্রলীগের সঙ্গে সরাসরি যোগাযোগের প্রমাণ পাওয়ার পরও আসাদুল আলম শেখের বিরুদ্ধে কেন সাইবার সিকিউরিটি আইনে মামলা দেওয়া হয়েছে, তা নিয়ে প্রশ্ন রয়েছে। তাঁর বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা করার দাবি জানান তিনি।

জিয়া উদ্দিন আয়ান আরও অভিযোগ করেন, ফজিলাতুন্নেছা হলের ভিপি ঐশী সরকার ট্রেজারি ফান্ডের ৬০ হাজার টাকা আত্মসাৎ করেছেন। এর সঙ্গে প্রশাসনের কোনো একটি অংশ জড়িত থাকতে পারে বলে তারা সন্দেহ করছেন। এসব অভিযোগের তদন্ত না হলে বিশ্ববিদ্যালয় দুর্নীতির কারখানায় পরিণত হবে বলেও মন্তব্য করেন তিনি।

ছাত্রশক্তির জাবি সংসদের সাধারণ সম্পাদক নাদিয়া রহমান অন্বেষা বলেন, জুলাই-পরবর্তী সময়ে ক্যাম্পাসে কোনো ধরনের ক্ষমতার রাজনীতির চর্চা তারা দেখতে চান না। তবে তাঁর অভিযোগ, একটি দলের ভিপি প্রশাসনকে ফাঁকি দিয়ে জায়গা বরাদ্দ দেওয়ার নামে একটি কোম্পানির কাছ থেকে ৬০ হাজার টাকা আত্মসাৎ করেছেন। পাশাপাশি জরুরি কাজের অজুহাতে টেন্ডার ছাড়া প্রকল্প দিয়ে অতিরিক্ত টাকা বের করা হচ্ছে বলেও অভিযোগ করেন তিনি।

তিনি আরও বলেন, জাকসু ভিপি ইনবক্সে পরীক্ষিত এক ছাত্রলীগ কর্মীকে বলেছেন, তিনি ভিপি না হলে তারা বিপদে পড়বে। ক্যাম্পাসে ছাত্রলীগের বিভিন্ন কর্মসূচির সিসি ক্যামেরার তথ্য পাচারের পেছনে জাকসু নেতাদের মদদ রয়েছে বলেও অভিযোগ করেন তিনি।

নাদিয়া রহমান অন্বেষা হুঁশিয়ারি দিয়ে বলেন, রাজনৈতিক দুশ্চরিত্রের মতো আচরণ করলে শিক্ষার্থীরা জিতুকে প্রত্যাখ্যান করবে। প্রশাসন দ্রুত এসব বিষয়ে তদন্ত কমিটি গঠন না করলে রেজিস্ট্রার ভবন ঘেরাও করতে বাধ্য হবেন তারা।

উল্লেখ্য, রবিবার জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে সিন্ডিকেট সভা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। ওই সভায় উত্থাপিত বিষয়গুলোতে জরুরি প্রশাসনিক সিদ্ধান্ত নেওয়ার দাবি জানিয়েছেন ছাত্রশক্তির নেতারা।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button