জাবির সাবেক ভিসিসহ ১০১ শিক্ষক পেলেন প্রধানমন্ত্রীর সম্মাননা
সম্মাননাপ্রাপ্ত প্রত্যেক শিক্ষককে দুই লাখ টাকা, ক্রেস্ট ও সম্মাননাপত্র দেওয়া হয়েছে
তাজা খবর: জাতি গঠনে দীর্ঘদিনের অবদানের স্বীকৃতি হিসেবে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) সাবেক উপাচার্য অধ্যাপক খন্দকার মুস্তাহিদুর রহমানসহ দেশের বিভিন্ন স্তরের ১০১ গুণী শিক্ষককে সম্মাননা দিয়েছে সরকার।
বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে সোমবার (৫ অক্টোবর) রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমান শিক্ষকদের হাতে ‘গুণী শিক্ষক সম্মাননা’ তুলে দেন। অধ্যাপক খন্দকার মুস্তাহিদুর রহমানকে দেওয়া হয়েছে মরণোত্তর এ সম্মাননা।
সম্মাননাপ্রাপ্ত প্রত্যেক শিক্ষককে দুই লাখ টাকা, ক্রেস্ট ও সম্মাননাপত্র দেওয়া হয়েছে। জাতীয় স্টিয়ারিং কমিটির যাচাই-বাছাইয়ের মাধ্যমে ৯৫ জনকে চূড়ান্ত করা হয়। পাশাপাশি প্রধানমন্ত্রীর বিশেষ বিবেচনায় আরও ছয়জনকে তালিকায় অন্তর্ভুক্ত করা হয়েছে।
অধ্যাপক খন্দকার মুস্তাহিদুর রহমান ছিলেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাকালীন শিক্ষক এবং অর্থনীতি বিভাগের শিক্ষক। তিনি বিশ্ববিদ্যালয়ের প্রথম ক্লাস গ্রহণকারী অর্থনীতি বিভাগের শিক্ষক ছিলেন। দীর্ঘ শিক্ষকতা জীবনের পাশাপাশি তিনি বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক বিভিন্ন দায়িত্ব পালন করেন। ২০০৪ থেকে ২০০৮ সাল পর্যন্ত তিনি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নির্বাচিত উপাচার্য হিসেবে দায়িত্ব পালন করেন।
২০২১ সালের ২০ আগস্ট করোনাভাইরাসে আক্রান্ত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান অধ্যাপক খন্দকার মুস্তাহিদুর রহমান। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৪ বছর।
বিশ্ববিদ্যালয় পর্যায়ে অন্য যারা সম্মাননা পেলেন
সাধারণ বিশ্ববিদ্যালয় পর্যায়ে মোট ২০ জন শিক্ষক এ সম্মাননা পেয়েছেন। তাদের মধ্যে সরকারি বিশ্ববিদ্যালয়ের ১৮ জন এবং বেসরকারি বিশ্ববিদ্যালয়ের দুজন রয়েছেন।
ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে রাষ্ট্রবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. এমাজউদ্দীন আহমদ (মরণোত্তর), নৃবিজ্ঞান বিভাগের ইমেরিটাস অধ্যাপক ড. আনোয়ারউল্লাহ চৌধুরী, ডেভেলপমেন্ট স্টাডিজ বিভাগের অবসরপ্রাপ্ত অধ্যাপক ড. মাহবুব উল্লাহ, বায়োকেমিস্ট্রি অ্যান্ড মলিকুলার বায়োলজি বিভাগের অবসরপ্রাপ্ত অধ্যাপক ড. রফিকুর রহমান, পদার্থবিজ্ঞান বিভাগের ইমেরিটাস অধ্যাপক ড. আ ফ ম ইউসুফ হায়দার, ইংরেজি বিভাগের ইমেরিটাস অধ্যাপক ড. সদরুল আমিন, রসায়ন বিভাগের ইমেরিটাস অধ্যাপক ডা. তাজমেরী এস এ ইসলাম, বায়োমেডিক্যাল ফিজিক্স অ্যান্ড টেকনোলজি বিভাগের অনারারি অধ্যাপক ড. খোন্দকার সিদ্দিক-ই-রব্বানী, আইন বিভাগের অধ্যাপক ড. বোরহান উদ্দীন খান এবং রসায়ন বিভাগের অবসরপ্রাপ্ত অধ্যাপক প্রতীমনা আহমেদ সম্মাননা পেয়েছেন।
রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে ইমেরিটাস অধ্যাপক ড. অরুণ কুমার বসাক, ফলিত রসায়ন ও রসায়ন প্রকৌশল বিভাগের অধ্যাপক ড. মো. ইব্রাহীম হোসেন মন্ডল এবং ফার্মেসি বিভাগের অধ্যাপক ড. মো. গোলাম ছাদিক সম্মাননা পেয়েছেন।
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে গণিত বিভাগের অধ্যাপক ড. জামাল নজরুল ইসলাম (মরণোত্তর), রাজনীতি বিজ্ঞান বিভাগের অবসরপ্রাপ্ত অধ্যাপক ড. আ ন ম মুনির আহমেদ চৌধুরী এবং সমাজবিজ্ঞান গবেষণা ইনস্টিটিউট ও লোকপ্রশাসন বিভাগের পরিচালক অধ্যাপক ড. আমির মুহাম্মদ নসরুল্লাহ রয়েছেন।
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের একমাত্র শিক্ষক হিসেবে এ তালিকায় রয়েছেন অধ্যাপক খন্দকার মুস্তাহিদুর রহমান। খুলনা বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতি ডিসিপ্লিনের অধ্যাপক ড. মো. নাসিফ আহসান এবং বায়োটেকনোলজি অ্যান্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. মো. মোরসালিন বিল্লাহ সম্মাননা পেয়েছেন।
বেসরকারি বিশ্ববিদ্যালয় থেকে নর্থ সাউথ ইউনিভার্সিটির ইসিই বিভাগের অধ্যাপক ড. নোভা আহমেদ এবং ব্র্যাক ইউনিভার্সিটির স্কুল অব এগ্রিকালচার অ্যান্ড ডিজাইনের ডিন অধ্যাপক ড. ফুয়াদ হাসান মল্লিক সম্মাননা পেয়েছেন।
এবারের সম্মাননায় প্রাথমিক থেকে উচ্চশিক্ষা পর্যন্ত মোট ১০১ শিক্ষককে অন্তর্ভুক্ত করা হয়েছে। এর আগে বিশ্ব শিক্ষক দিবসে জাতীয় পর্যায়ে ১২ জন শিক্ষককে এ সম্মাননা দেওয়া হতো।
বিশ্ব শিক্ষক দিবসের এবারের আয়োজনের মধ্য দিয়ে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাকালীন শিক্ষক ও সাবেক উপাচার্য অধ্যাপক খন্দকার মুস্তাহিদুর রহমানের দীর্ঘ শিক্ষকতা ও বিশ্ববিদ্যালয় গঠনে অবদানও রাষ্ট্রীয় স্বীকৃতি পেল।



