সারা বাংলা

অপতথ্য রোধে তরুণদের দায়িত্বশীল ভূমিকা জরুরি: তথ্য প্রতিমন্ত্রী

বর্তমান তথ্যপ্রবাহের যুগে সত্য ও মিথ্যার পার্থক্য নিরূপণ করা একটি বড় চ্যালেঞ্জ

তাজা খবর: সামাজিক যোগাযোগমাধ্যমে অপতথ্য ও অসত্য তথ্য একটি ‘অশুভ সংকেত’ হিসেবে দেখা দিয়েছে উল্লেখ করে তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী বলেছেন, ‘অপতথ্য প্রতিরোধে তরুণদের সচেতন ও দায়িত্বশীল ভূমিকা জরুরি।’

শনিবার (৩ অক্টোবর) রাজধানীর নটরডেম কলেজে আয়োজিত ‘দ্বিতীয় ন্যাশনাল মিডিয়া কার্নিভাল ২০২৬’-এর সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, ‘বাংলাদেশের ছাত্রসমাজ সবসময়ই দেশ গঠনে অগ্রণী ভূমিকা পালন করেছে। সম্প্রতি ২০২৪ সালের ছাত্র-জনতার আন্দোলনেও তাদের ভূমিকা ইতিহাসে স্বর্ণাক্ষরে লেখা থাকবে।’

তিনি বলেন, ‘বর্তমান তথ্যপ্রবাহের যুগে সত্য ও মিথ্যার পার্থক্য নিরূপণ করা একটি বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। এ ক্ষেত্রে শিক্ষার্থীদের মিডিয়া লিটারেসি ও দায়িত্বশীল যোগাযোগ দক্ষতা অর্জন অত্যন্ত গুরুত্বপূর্ণ।’

নটরডেম কলেজে নিজের শিক্ষাজীবনের স্মৃতিচারণ করে ইয়াসের খান চৌধুরী বলেন, এই প্রতিষ্ঠানে আগেও তিনি বন্ধুদের সঙ্গে এসেছেন এবং সেই সময়ের নানা স্মৃতি এখনো তার মনে গেঁথে আছে। তিনি বলেন, ‘এই ক্যাম্পাসে এসে পুরনো অনেক স্মৃতি ফিরে এসেছে।’

প্রতিমন্ত্রী আশা করেন, এ ধরনের মিডিয়া কার্নিভাল ভবিষ্যতেও নিয়মিত আয়োজন করা হলে শিক্ষার্থীরা সৃজনশীলতা, বিশ্লেষণী দক্ষতা ও দায়িত্বশীল নাগরিকত্বের চর্চায় আরও এগিয়ে যাবে।

তিনি বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনায় তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় এসব বিষয়ে ধারবাহিকভাবে কাজ করছে। প্রধানমন্ত্রী তরুণদের বিষয়ে অনেক আগ্রহী উল্লেখ করে প্রতিমন্ত্রী বলেন, ভবিষ্যতেও এ জাতীয় আয়োজনে সরকারের সমর্থন থাকবে।

নটরডেম মিডিয়া অ্যান্ড কমিউনিকেশন ক্লাবের উদ্যোগে ২ ও ৩ অক্টোবর অনুষ্ঠিত এ মিডিয়া কার্নিভালে দেশজুড়ে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশগ্রহণ করে। যা শিক্ষার্থীদের মিডিয়া, যোগাযোগ, গবেষণা ও সৃজনশীলতার বিকাশে একটি প্ল্যাটফর্ম হিসেবে কাজ করছে।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নটরডেম কলেজের অধ্যক্ষ ফাদার হেমন্ত পিউস রোজারিও, ফাদার অ্যান্টনি গোমেজ রোজারিও, নটরডেম মিডিয়া অ্যান্ড কমিউনিকেশন ক্লাবের মডারেটর শাপলা বনিক, ‘দ্য বাংলাদেশ ডায়লগ’-এর চেয়ারম্যান রুবায়েত মান্নান রাফি, এনসিসি ব্যাংকের ভাইস প্রেসিডেন্ট ও হেড অব ফাইন্যান্সিয়াল ডিভিশন আনিসুর রহমান মজুমদার, চায়না এডুকেশন বাংলাদেশের সিইও সাজ্জাদ হোসেন এবং ইউনিভার্সিটি অব স্কলার্সের ব্র্যান্ড অ্যান্ড কমিউনিকেশন বিভাগের সিমরান রহমান।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button