খলিলুর রহমানকে ফোন উপসাগরীয় দেশগুলোর পররাষ্ট্রমন্ত্রীদের
চলমান সংকট সম্পর্কে এবং বাংলাদেশি অভিবাসীদের নিরাপত্তা নিয়ে আলোচনা
তাজা খবর: কুয়েতের পররাষ্ট্রমন্ত্রী শেখ জারাহ জাবের আল আহমেদ আল সাবাহ, বাহরাইনের পররাষ্ট্রমন্ত্রী ড. আব্দুললতিফ বিন রশিদ আল জায়ানি ও সংযুক্ত আরব আমিরাতের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী শেখ আব্দুল্লাহ বিন জায়েদ আল নাহিয়ান এবং কাতারের পররাষ্ট্র প্রতিমন্ত্রী সুলতান বিন সাদ আল মুরাইখি আজ বিকেলে পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমানকে পৃথকভাবে টেলিফোন করেছেন।
টেলিফোনে তারা চলমান সংকট সম্পর্কে এবং বাংলাদেশি অভিবাসীদের নিরাপত্তা নিয়ে আলোচনা করেন।
আলাপকালে সংশ্লিষ্ট মন্ত্রীরা তাদের নিজ নিজ দেশে বসবাসরত বাংলাদেশি অভিবাসীদের সার্বিক নিরাপত্তা, সুরক্ষা ও কল্যাণ নিশ্চিতকরণে প্রয়োজনীয় সব ধরনের ব্যবস্থা নেয়ার আশ্বাস দেন।
তারা বাংলাদেশ ও তাদের দেশের মধ্যকার দীর্ঘদিনের নিবিড় ও ভ্রাতৃপ্রতিম সম্পর্কের কথা উল্লেখ করে বলেন যে, তাদের দেশে অবস্থানরত বাংলাদেশি নাগরিকদের তারা নিজেদের দেশের বাসিন্দা হিসেবে গণ্য করেন।
তারা বাংলাদেশি অভিবাসীদের কঠোর পরিশ্রমী, আইনমান্যকারী ও দায়িত্বশীল হিসেবে অভিহিত করেন এবং দেশগুলোর অর্থনীতিতে বাংলাদেশি অভিবাসীদের গুরুত্বপূর্ণ অবদানের কথাও বিশেষভাবে উল্লেখ করেন।
চলমান সংঘাতের প্রেক্ষাপটে দুইজন বাংলাদেশি নাগরিকের মর্মান্তিক মৃত্যু এবং সাতজনের আহত হওয়ার ঘটনায় কুয়েত, বাহরাইন ও সংযুক্ত আরব আমিরাতের পররাষ্ট্রমন্ত্রীরা গভীর শোক ও উদ্বেগ প্রকাশ করেন।
এ প্রেক্ষাপটে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে সংহতি প্রকাশের জন্য সংশ্লিষ্ট মন্ত্রীরা বাংলাদেশের প্রতি গভীর কৃতজ্ঞতা জ্ঞাপন করেন।
পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ড. খলিলুর রহমান বলেন, মধ্যপ্রাচ্যের চলমান পরিস্থিতির প্রেক্ষাপটে আমি কুয়েত ও বাহরাইনের পররাষ্ট্রমন্ত্রী এবং কাতারের পররাষ্ট্র বিষয়ক প্রতিমন্ত্রীর ফোনকল পেয়েছি। আলোচনায় মূলত ওই অঞ্চলে বসবাসরত বাংলাদেশি নাগরিকদের নিরাপত্তা ও সুরক্ষা নিশ্চিত করার বিষয়টি গুরুত্ব পেয়েছে। তারা আমাদের প্রবাসীদের নিরাপত্তার বিষয়ে আশ্বস্ত করেছেন।



