বিনোদন ও খেলাধুলা

খেলাধুলা যুবসমাজকে মাদক-অপরাধ থেকে দূরে রাখে: আইজিপি

বাংলাদেশ পুলিশের ক্রীড়া চর্চার দীর্ঘ ঐতিহ্য রয়েছে

তাজা খবর: খেলাধুলা যুবসমাজকে মাদক ও অপরাধমূলক কর্মকাণ্ড থেকে দূরে রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে বলে মন্তব্য করেছেন পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকির। তিনি বলেন, লেখাপড়ার পাশাপাশি ক্রীড়া চর্চা একটি সুস্থ, সচেতন ও দায়িত্বশীল প্রজন্ম গড়ে তুলতে সহায়ক।

শনিবার (২৫ জুলাই) বিকেলে ঢাকার পূর্বাচলে নবনির্মিত বাংলাদেশ পুলিশ ফুটবল গ্রাউন্ডের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

আইজিপি বলেন, বর্তমান সরকার ক্রীড়া উন্নয়নে গুরুত্ব দিচ্ছে। প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে খেলাধুলাকে পেশা হিসেবে প্রতিষ্ঠিত করতে স্বল্প, মধ্য ও দীর্ঘমেয়াদি পরিকল্পনা বাস্তবায়ন করা হচ্ছে। এর অংশ হিসেবে পুলিশ সদস্যদের মধ্য থেকে বাছাই করে একটি ফুটবল দলও গঠন করা হয়েছে।

তিনি বলেন, পুলিশের দায়িত্ব অত্যন্ত কঠিন ও চ্যালেঞ্জিং। নিয়মিত খেলাধুলা ও শরীরচর্চা একজন পুলিশ সদস্যকে আরও কর্মক্ষম, আত্মবিশ্বাসী ও দায়িত্ব পালনে সক্ষম করে তোলে। ফুটবল শৃঙ্খলা, নেতৃত্ব, দলগত সমন্বয় এবং দ্রুত সিদ্ধান্ত গ্রহণের শিক্ষা দেয়, যা পুলিশি দায়িত্ব পালনে অত্যন্ত গুরুত্বপূর্ণ।

আলী হোসেন ফকির আরও বলেন, বাংলাদেশ পুলিশের ক্রীড়া চর্চার দীর্ঘ ঐতিহ্য রয়েছে। পুলিশের সদস্যরা জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে বিভিন্ন খেলায় সাফল্য অর্জন করেছেন। নবনির্মিত বাংলাদেশ পুলিশ ফুটবল গ্রাউন্ড ভবিষ্যতে পুলিশ ফুটবল দলের অনুশীলন কেন্দ্র হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এবং এখান থেকে দক্ষ খেলোয়াড় তৈরি হবে, যারা দেশের জন্যও সুনাম বয়ে আনবেন।

উদ্বোধন উপলক্ষে আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন) ও ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)-এর মধ্যে একটি প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়। ম্যাচে এপিবিএন ২-১ গোলে ডিএমপিকে পরাজিত করে।

এপিবিএনের অতিরিক্ত আইজি হাসিব আজিজের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা, বাংলাদেশ ফুটবল ফেডারেশনের প্রতিনিধিরা, আমন্ত্রিত অতিথি এবং দুই দলের খেলোয়াড়রা উপস্থিত ছিলেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button