জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ৪ সহকারি প্রক্টরের পদত্যাগ
জনসংযোগ কার্যালয়ের ভারপ্রাপ্ত পরিচালক ড. মোহাম্মদ মহিউদ্দিন স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য
তাজা খবর: জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) প্রক্টরের পদত্যাগের পর এবার চার জন সহকারী প্রক্টর একসঙ্গে পদত্যাগ করেছেন। বৃহস্পতিবার দুপুরে জনসংযোগ কার্যালয়ের ভারপ্রাপ্ত পরিচালক ড. মোহাম্মদ মহিউদ্দিন স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
পদত্যাগ করা সহকারী প্রক্টররা হলেন প্রাণিবিদ্যা বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ আব্দুর রাজ্জাক, উদ্ভিদবিজ্ঞান বিভাগের অধ্যাপক শামীমা নাসরীন জলি, পদার্থবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. মো. আলমগীর কবির ও পাবলিক হেলথ এন্ড ইনফরমেটিকস বিভাগের সহকারী অধ্যাপক মোছা. জান্নাতুল ফেরদৌস।
এছাড়া, বিশ্ববিদ্যালয় প্রশাসন পৃথক এক অফিস আদেশে দর্শন বিভাগের সহযোগী অধ্যাপক ড. আবদুছ ছাত্তারকে আগামী ২ বছরের জন্য সহকারী প্রক্টর পদে নিয়োগ প্রদান করেছে বলে জানিয়েছে।
এর আগে, গতকাল বিশ্ববিদ্যালয়ের প্রক্টর পদ থেকে পদত্যাগ করেন অধ্যাপক ড. একেএম রাশিদুল আলম।
জানা যায়, গত ১২ মে মধ্যরাতে ক্যাম্পাসে এক নারী শিক্ষার্থীকে বহিরাগত যুবকের ধর্ষণ ও হত্যা চেষ্টার ঘটনাকে কেন্দ্র করে অভিযুক্তের বিচারের দাবিতে প্রক্টর কার্যালয়ে তালা দিয়ে প্রক্টরকে অবাঞ্ছিত ঘোষণা করে শিক্ষার্থীরা। পদত্যাগের আগ পর্যন্ত টানা ৭৮ দিন ধরে নিজ কার্যালয়ে প্রবেশ করতে পারেননি বিশ্ববিদ্যালয়ে প্রক্টর ও প্রক্টরিয়াল বডির সদস্যরা।
এদিকে এ ঘটনার পর থেকে বিশ্ববিদ্যালয়ের বিএনপিপন্থি শিক্ষকদের মধ্যে অভ্যন্তরীণ কোন্দলের জেরে তাদের মধ্যে বিভাজন তৈরি হয়েছে বলে মত শিক্ষক-শিক্ষার্থীদের একটি অংশের।



