সারা বাংলা

নির্বাচনে সহিংসতা হলে কঠোর ব্যবস্থা: স্বরাষ্ট্র উপদেষ্টা

এই নির্বাচনটা খুবই উৎসবমুখর হবে এবং ফ্রি-ফেয়ার হবে

তাজা খবর: এবারের নির্বাচন ঘিরে কোনো শঙ্কা নেই দাবি করে সাংবাদিকদের উদ্দেশে স্বরাষ্ট্র উপদেষ্টা মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, ‘নির্বাচনে সহিংসতা হলে দেখতে পারবেন কী কঠোর ব্যবস্থা নেয়া হয়।’

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে ফরিদপুর অঞ্চলের ফরিদপুর, রাজবাড়ী, গোপালগঞ্জ, মাদারীপুর ও শরিয়তপুর জেলার আইনশৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের ব্রিফকালে এ কথা বলেন তিনি।

মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) দুপুরে ফরিদপুর জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে এই সভা অনুষ্ঠিত হয়। এতে পাঁচ জেলায় দায়িত্বরত তিন বাহিনীর সকল অধিনায়ক, জেলা প্রশাসক ও পুলিশ সুপারসহ সংশ্লিষ্টরা অংশগ্রহণ করেন।

সভায় স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘এই নির্বাচনটা খুবই উৎসবমুখর হবে এবং ফ্রি-ফেয়ার হবে। কোনো ধরনের শঙ্কা নেই। এবারের মতো যে পরিমাণ আইনশৃঙ্খলাবাহিনী নিয়োগ করা হয়েছে, কোনো ইতিহাসে আপনারা দেখাতে পারবেন না।’

সাংবাদিকদের উদ্দেশে তিনি বলেন, ‘আপনারা আগের নির্বাচনগুলো দেখেন, সেগুলোতে যেরকম সহিংসতা হতো, এবার কিন্তু আল্লাহ দিলে এখন পর্যন্ত হয়নি। আমরা আশা করব, সামনেও হবে না।’

তিনি জানান, অন্য সময় আইনশৃঙ্খলা বাহিনী বিশেষ করে সশস্ত্র বাহিনী ভোট প্রাঙ্গণে যেতে পারত না, এবার আমাদের সিনিয়র সচিব ভালো ব্যবস্থা গ্রহণ করেছেন- প্রতিটি ভোট প্রাঙ্গণে তারা যেতে পারবে। এছাড়া নির্বাচনের দিনে যদি কোনো ধরনের সহিংসতা হয়, তাহলে দেখতে পারবেন কী ধরনের ব্যবস্থা নেওয়া হয়।’

ফরিদপুর অঞ্চলের নির্বাচনি প্রস্তুতি খুব ভালো রয়েছে বলে সভায় জানান স্বরাষ্ট্র উপদেষ্টা। তিনি বলেন, ‘প্রতিটি কেন্দ্রেই সিসিটিভি ও ড্রোনেরও ব্যবস্থা করা হয়েছে। যেসব কেন্দ্রে বাউন্ডারি নেই, সেখানে বাঁশ দিয়ে ব্যবস্থা করা হয়েছে।’

এসময় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিব নাসিমুল গণি, বিভাগীয় কমিশনার শরফ উদ্দিন আহমদ চৌধুরী, ঢাকা রেঞ্জের ডিআইজি রেজাউল করিম মল্লিকসহ অনেকে উপস্থিত ছিলেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button