সারা বাংলা

‘প্রতিটি মানুষের নিরাপত্তা দেওয়ার চেষ্টা করছে অন্তবর্তীকালীন সরকার’

দেশের দেশপ্রেমিক প্রতিটি মানুষ নির্বাচন সুষ্ঠুভাবে করার লক্ষ্যে এগিয়ে আসবে

তাজা খবর: স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা আদিলুর রহমান খান বলেছেন, ‌‘নির্বাচনকে ঘিরে জুলাইযোদ্ধাসহ দেশের প্রতিটি মানুষের নিরাপত্তা দেওয়ার চেষ্টা করছে অন্তবর্তীকালীন সরকার। ফ্যাসিবাদী শক্তি নির্বাচনকে বাধাগ্রস্ত করার জন্য চেষ্টা চালাবে, জনগণ ও সরকার পাশে থাকবে।’

শনিবার (২৭ ডিসেম্বর) দুপুরে মাদারীপুর সদর উপজেলার মঠেরবাজার এলাকায় জুলাই আন্দোলনে শহীদ নাইমুর রহমানের কবর জিয়ারত শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

দেশপ্রেমিক কোনো মানুষ নির্বাচন নিয়ে সংশয় প্রকাশ করবে না জানিয়ে শিল্প, গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের এই উপদেষ্টা বলেন, ‘দেশের দেশপ্রেমিক প্রতিটি মানুষ নির্বাচন সুষ্ঠুভাবে করার লক্ষ্যে এগিয়ে আসবে ও সহযোগিতা করবে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষ হবে। যারা নির্বাচন বানচালের চেষ্টা করবে, তাদের শক্ত হাতে প্রতিহত করা হবে।’

এর আগে সদর উপজেলার ঘটমাঝি এলাকায় যান উপদেষ্টা। সেখানে রাজধানী ঢাকায় গুলিতে নিহত শহীদ মামুন সরদারের কবর জিয়ারত করেন। কথা বলেন পরিবারের সদস্যদের সঙ্গে। তার আগে সকালে শহরের শকুনি লেকেরপাড়ে জুলাই স্মৃতিস্তম্ভে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন শহীদের প্রতি।

এ সময় স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের সচিব মো. রেজাউল মাকসুদ জাহেদী, মাদারীপুরের জেলা প্রশাসক মো. জাহাঙ্গীর আলম, এলজিইডি’র নির্বাহী প্রকৌশলী বাদল চন্দ্র কীর্তনীয়া, জনস্বাস্থ্য ও প্রকৌশল অধিদফতরের নির্বাহী প্রকৌশলী সরদার শামসুল ইসলাম, গণপূর্ত অধিদফতরের নির্বাহী প্রকৌশলী আব্দুল্লাহ আল মামুন, অতিরিক্ত জেলা প্রশাসক আল নোমানসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button