রাজনীতি

বাবা-শ্বশুরের পর এমপি হচ্ছেন নিপুণ রায়ও

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এই তালিকা ঘোষণা করেন

তাজা খবর: বাবা নিতাই রায় চৌধুরী এবং শ্বশুর গয়েশ্বর চন্দ্র রায় চৌধুরীর পর ঢাকা জেলা বিএনপির সাধারণ সম্পাদক নিপুণ রায় চৌধুরীও সংসদ সদস্য হতে যাচ্ছেন। সংরক্ষিত নারী আসনের নির্বাচনে বিএনপির মনোনয়ন পেয়েছেন তিনি।

সোমবার (২০ এপ্রিল) দুপুরে ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের জন্য ৩৬ জন প্রার্থীর চূড়ান্ত তালিকা প্রকাশ করেছে সরকারি দলটি।

এদিন নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এই তালিকা ঘোষণা করেন। সেই তালিকায় ঠাঁই পেয়ে নিপুণ রায় চৌধুরী।

বিএনপির এই আলোচিত নারী নেত্রীর বাবা বাবা সংস্কৃতিমন্ত্রী নিতাই রায় চৌধুরী মাগুরা-২ আসনের সংসদ সদস্য। শ্বশুর বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় নির্বাচিত হয়েছেন ঢাকা-৩ আসন থেকে। ফলে একই পরিবার থেকে তিনজনকে জাতীয় সংসদে দেখা যাবে।

এর আগে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিজে প্রার্থী না হলেও বাবা আর শ্বশুরের পক্ষে মাগুরা ও ঢাকার নির্বাচনি এলাকা চষে বেড়িয়েছেন নিপুণ রায় চৌধুরী। দলের ত্যাগীদের মধ্যে অন্যতম তিনি।

বিএনপির হয়ে আওয়াজ তুলে বিগত সরকারের আমলে একাধিকবার জেলে যেতে হয়েছে নিপুণ রায়কে। দলের আন্দোলন-সংগ্রামে সবসময়ই তাকে সামনে সারিতে দেখা গেছে। অবশেষে তার ফল পেলেন।

এদিকে পরিচিত মুখ হলেও শেষ পর্যন্ত মনোনয়ন পাননি বিএনপির আলোচিত অনেক প্রার্থী।

তাদের মধ্যে রয়েছেন- মহিলা দলের সভাপতি ও মির্জা আব্বাসের স্ত্রী আফরোজা আব্বাস, শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলনের স্ত্রী ও মহিলা দলের সহসভাপতি নাজমুন নাহার বেবী। ব্যারিস্টার মওদুদ আহমদের স্ত্রী হাসনা মওদুদ, সালাহউদ্দিন আহমদের স্ত্রী হাসিনা আহমদ, ড. খন্দকার মোশাররফ হোসেনের বড় ছেলের স্ত্রী নাঈমা খন্দকার এবং নাসির উদ্দীন পিন্টুর স্ত্রী নাসিমা আক্তার কল্পনা।

আরও বাদ পড়েছেন সাবেক সংসদ সদস্য ও বর্তমানে চাঁপাইনবাবগঞ্জ জেলা পরিষদের প্রশাসক হারুনুর রশীদের স্ত্রী সৈয়দা আসিফা আশরাফি পাপিয়া।

তবে দলীয় সূত্র বলছে, চূড়ান্ত বাছাইয়ে বাদ পড়লেও শেষ পর্যন্ত দল তাদের ভিন্নভাবে মূল্যায়ন করতে পারে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button