সারা বাংলা

ভোটকেন্দ্রে সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিতের নির্দেশ ডিএমপি কমিশনারের

ভোটকেন্দ্রে যেন কোনও ধরনের বিশৃঙ্খলা সৃষ্টি না হয়

তাজা খবর: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন-২০২৬ উপলক্ষে ঢাকা মহানগরের প্রতিটি সংসদীয় আসনে ভোট গ্রহণ কেন্দ্রে সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করার নির্দেশ দিয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনার শেখ মো. সাজ্জাত আলী। সোমবার (২ ফেব্রুয়ারি) দুপুরে ডিএমপি হেডকোয়ার্টার্সের সম্মেলন কক্ষে আয়োজিত সমন্বয় সভায় তিনি এই নির্দেশ দেন।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে ডিএমপি কর্তৃক প্রণীত নিরাপত্তা পরিকল্পনা ও সামগ্রিক ব্যবস্থাপনা পর্যালোচনার লক্ষ্যে এই সভার আয়োজন করা হয়।

সভাপতির বক্তব্যে ডিএমপি কমিশনার বলেন, “ভোটকেন্দ্রে যেন কোনও ধরনের বিশৃঙ্খলা সৃষ্টি না হয়, সেদিকে সজাগ দৃষ্টি রাখতে হবে। বিশেষ করে থানা এলাকা থেকে দূরবর্তী কেন্দ্রগুলোতে বিশেষ নজরদারি বাড়াতে হবে। একই সঙ্গে জননিরাপত্তা নিশ্চিতে প্রতিটি থানা এলাকায় পুলিশি টহল আরও জোরদার করার নির্দেশ দিচ্ছি।”

অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস) এস এন মো. নজরুল ইসলাম বলেন, এবারের নির্বাচন একটি ভিন্ন প্রেক্ষাপটে অনুষ্ঠিত হতে যাচ্ছে। এই চ্যালেঞ্জ মোকাবিলায় অতিরিক্ত ফোর্স মোতায়েন থাকবে এবং আইন-শৃঙ্খলা স্বাভাবিক রাখার ওপর সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হবে।

সমন্বয় সভায় যুগ্ম পুলিশ কমিশনার (অপারেশনস) মোহাম্মদ শহীদুল্লাহ পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনের মাধ্যমে ঢাকা মহানগরের জন্য প্রণীত সামগ্রিক নিরাপত্তা পরিকল্পনাটি উপস্থাপন করেন। ডিএমপির ঊর্ধ্বতন কর্মকর্তারা সভায় তাদের মতামত প্রদান করেন এবং মাঠ পর্যায়ের কর্মকর্তাদের করণীয় সম্পর্কে কমিশনার বিভিন্ন দিকনির্দেশনা দেন।

সভায় অতিরিক্ত পুলিশ কমিশনার (অ্যাডমিন) মো. সরওয়ার, (ডিবি) মো. শফিকুল ইসলাম, (সিটিটিসি) মো. মাসুদ করিমসহ ডিএমপির সকল যুগ্ম পুলিশ কমিশনার, উপ-পুলিশ কমিশনার এবং প্রতিটি থানার অফিসার ইনচার্জসহ (ওসি) বিভিন্ন পদমর্যাদার পুলিশ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button