সংসদ সদস্যদের প্রশিক্ষণে বিএনপির কর্মশালা, উদ্বোধন করলেন তারেক রহমান
সরকার এবং সরকারি দলের দক্ষতা বাড়ানোই এই কর্মশালার উদ্দেশ্য
তাজা খবর: ত্রয়োদশ জাতীয় সংসদ অধিবেশনকে সামনে রেখে দলীয় সংসদ সদস্যদের প্রশিক্ষণ কর্মশালা শুরু করেছে বিএনপি। আজ শুক্রবার সকাল সাড়ে ১০টায় গুলশানে চেয়ারম্যানের রাজনৈতিক কার্যালয়ে এই কর্মশালার উদ্বোধন করেন বিএনপি চেয়ারম্যান ও সংসদ নেতা প্রধানমন্ত্রী তারেক রহমান।
প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন বলেন, বিএনপি চেয়ারম্যান জনাব তারেক রহমান, যিনি সংসদ নেতা এবং প্রধানমন্ত্রী। তিনি বিএনপির সংসদ সদস্যদের একটি প্রশিক্ষণ কর্মশালায় আছেন।
সাংসদদের রুদ্ধদ্বার এই কর্মশালায় উদ্বোধনী পর্বে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, জাতীয় স্থায়ী কমিটির সদস্য আবদুল মঈন খান, আমির খসরু মাহমুদ চৌধুরী, হাফিজ উদ্দিন আহমেদ, ডা. এজেডএম জাহিদ হোসেনসহ দলের জ্যেষ্ঠ নেতারা উপস্থিত ছিলেন।
কর্মশালায় প্রধানমন্ত্রী তারেক রহমান স্বাগত বক্তব্য রাখেন। বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের মেয়ে ব্যারিস্টার জাইমা রহমানও উপস্থিত ছিলেন।
বিএনপি নেতারা জানান, কর্মশালায় সংসদের কার্যপ্রণালী, আচরণবিধি, বিল প্রণয়ন ও পর্যালোচনা, বাজেট সংক্রান্ত নথি বিশ্লেষণ, সংসদীয় কমিটিগুলোর কার্যক্রমসহ বিভিন্ন বিষয়ে প্রয়োজনীয় বিধি-বিধানগুলো নতুন নির্বাচিত সংসদ সদস্যদের সামনে উপস্থাপন করা হবে। অভিজ্ঞ সংসদ সদস্যরা তাঁদের অভিজ্ঞতা সংসদের নতুন সদস্যদের কাছে তুলে ধরবেন। সরকার এবং সরকারি দলের দক্ষতা বাড়ানোই এই কর্মশালার উদ্দেশ্য।
বিএনপির নেতারা আরও জানান, আগামী ১২ মার্চ ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন বসবে সকাল ১১টায়। গত ২৩ ফেব্রুয়ারি রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন এই অধিবেশন আহ্বান করেন। অধিবেশনকে সামনে রেখে বিএনপি তার দলীয় সংসদ সদস্যদের প্রস্তুত করতেই এই প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করেছে। সংসদ বিশেষজ্ঞ, শিক্ষাবিদ ও প্রবীণ সাংসদরা এই প্রশিক্ষক কর্মশালায় সংসদ কার্যকর করতে সংসদের সাংসদ ও মন্ত্রিসভার সদস্যদের দায়িত্ব এবং ভূমিকা কী হবে– তা তুলে ধরবেন।
দুই দিনের কর্মশালায় প্রথম দিনে সকালের পর্বে মন্ত্রী, প্রতিমন্ত্রী, উপদেষ্টাগণ, বিকেলের পর্বে রাজশাহী, রংপুর, ঢাকা ও ফরিদপুর বিভাগের একাংশ এবং পরদিন শনিবার সকালের পর্বে ঢাকা জেলা, ময়মনসিংহ, ফরিদপুর ও ঢাকা বিভাগের বাকি সাংসদরা এবং বিকেলের পর্বে সিলেট, কুমিল্লা ও চট্টগ্রাম বিভাগের সাংসদরা অংশ নেবেন।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি’র ২০৯ জন সংসদ সদস্য নির্বাচিত হন যার মধ্যে ১৪৬ জন প্রথমবারের মতো সংসদে এসেছেন। ফলে নতুন সংসদ সদস্যদের সংসদীয় বিধি-বিধান ও কার্যপ্রণালী সম্পর্কে অভিজ্ঞতা নেই।
বিএনপি’র একজন সিনিয়র নেতা জানান, এই কর্মশালায় কীভাবে পয়েন্ট অব অর্ডার উত্থাপন করতে হয়, কীভাবে বিল প্রণয়ন ও পর্যালোচনা করে আলোচনায় অংশ নিতে হয়, নিজের এলাকায় সমস্যা কীভাবে তুলে ধরতে হয়, রাষ্ট্রপতির ভাষণের কী বিষয়ে আলোচনা করতে হয়, সংসদ অধিবেশনে সাংসদদের উপস্থিতি নিশ্চিত করা প্রভৃতি বিষয়ে দলের দিক নির্দেশনা দেওয়া হবে।



