সারা বাংলা

সাত মাসে ১৫ হাজারের বেশি শিশু অপহরণের ঘটনায় খেলাঘরের উদ্বেগ

শিশুদের নিরাপত্তা নিশ্চিত করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে আরও সক্রিয় হওয়ার আহ্বান

তাজা খবর: দেশে গত সাত মাসে ১৫ হাজারের বেশি শিশু-কিশোর অপহরণ বা নিখোঁজ হওয়ার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে জাতীয় শিশু-কিশোর সংগঠন কেন্দ্রীয় খেলাঘর আসর।

নিখোঁজ ও অপহৃত শিশুদের দ্রুত উদ্ধারের পাশাপাশি শিশুদের নিরাপত্তা নিশ্চিত করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে আরও সক্রিয় হওয়ার আহ্বান জানিয়েছে সংগঠনটি।

মঙ্গলবার (২ সেপ্টেম্বর) রাতে রাজধানীর নিউ ইস্কাটনে খেলাঘরের কেন্দ্রীয় কার্যালয়ে সম্পাদকমণ্ডলীর এক জরুরি সভায় এ আহ্বান জানানো হয়।

বুধবার এক বিজ্ঞপ্তিতে সংগঠনটি জানায়, গত সাত মাসে ১৫ হাজারের বেশি শিশু-কিশোর অপহরণ বা নিখোঁজ হওয়ার ঘটনায় খেলাঘর গভীরভাবে উদ্বিগ্ন। এ ঘটনায় শিশু-কিশোরদের পাশাপাশি অভিভাবকদের মধ্যেও আতঙ্ক তৈরি হয়েছে

সেখানে আরও বলা হয়, দেশের সব শিশু রাষ্ট্রীয় সম্পদ। তাদের সুরক্ষা দেওয়া এবং মৌলিক অধিকার নিশ্চিত করার সামগ্রিক দায়িত্ব সরকারের। জাতিসংঘ ঘোষিত শিশু অধিকার সনদ বাস্তবায়নে বাংলাদেশ অঙ্গীকারবদ্ধ হওয়ায় শিশুদের নিরাপত্তা ও অধিকার নিশ্চিত করতে রাষ্ট্রকে কার্যকর ভূমিকা পালন করতে হবে।

খেলাঘর মনে করে, শিশু অপহরণ ও নিখোঁজের ঘটনায় সামাজিকভাবে আতঙ্ক তৈরি হওয়ায় শিশুদের স্বাভাবিক জীবন ও মেধা বিকাশও বাধাগ্রস্ত হচ্ছে। এ পরিস্থিতিতে সরকারকে অবিলম্বে বলিষ্ঠ ও কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছে সংগঠনটি।

পাশাপাশি সারাদেশের খেলাঘর শাখাগুলোর মাধ্যমে শিশু সুরক্ষায় জনসচেতনতা তৈরিতে কর্মসূচি নেওয়ার কথা জানিয়েছে সংগঠনটি। শিশুদের নিরাপত্তায় অভিভাবকদেরও এগিয়ে আসার আহ্বান জানানো হয়েছে।

নিখোঁজ ও অপহরণের ঘটনাগুলোর বিষয়ে সরকারের পক্ষ থেকে একটি সামগ্রিক প্রতিবেদন প্রকাশ করে দেশের মানুষের উদ্বেগ দূর করারও দাবি জানিয়েছে কেন্দ্রীয় খেলাঘর আসর।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button