সারা বাংলা

সাভারের আশুলিয়ায় পুলিশ ফায়ারিং রেঞ্জ পরিদর্শনে মার্কিন প্রতিনিধি দল

প্রতিনিধি দলের সদস্যরা ক্ষতিগ্রস্ত ফায়ারিং রেঞ্জটি ঘুরে দেখেছেন

তাজা খবর: ঢাকাস্থ মার্কিন দূতাবাসের সিনিয়র ফরেন সার্ভিস ন্যাশনাল ইনভেস্টিগেটর মি. স্টু ও মি. লেন্সের নেতৃত্বে চার সদস্যের একটি প্রতিনিধি দল সাভারের আশুলিয়ার কবিরপুর পুলিশ ফায়ারিং রেঞ্জ পরিদর্শন করেছে।

সোমবার (৩১ আগস্ট) সকাল ১০টা ১৫ মিনিটে সড়কপথে প্রতিনিধি দলটি কবিরপুর পুলিশ ফায়ারিং রেঞ্জে পৌঁছায়। সেখানে মার্কিন নাগরিক মি. স্টু ও মি. লেন্স ছাড়াও বাংলাদেশি নাগরিক মি. তুরান ও মি. মেহেদী ছিলেন।

সকাল ১০টা ২০ মিনিট থেকে ১০টা ৫০ মিনিট পর্যন্ত তারা ফায়ারিং রেঞ্জটি ঘুরে দেখেন। পরে সকাল ১০টা ৫৫ মিনিটে ঢাকার উদ্দেশ্যে কবিরপুর ত্যাগ করেন।

পরিদর্শনকালে সাভার সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার রাকিবুল হাসান ইশান, আশুলিয়া থানার ওসি মো. তরিকুল ইসলামসহ সাভার ও আশুলিয়া থানা পুলিশের পৃথক দুটি টহল দল সেখানে উপস্থিত ছিল।

পুলিশ সূত্রে জানা গেছে, ২০১৭ সালে দুই একর জায়গার ওপর ইউএসএআইডির অর্থায়নে কবিরপুর পুলিশ ফায়ারিং রেঞ্জটি নির্মাণ করা হয়। তবে ২০২৪ সালের ৫ আগস্টের ঘটনায় এটি ক্ষতিগ্রস্ত হয়। ওই সময় ফায়ারিং রেঞ্জের বৈদ্যুতিক ট্রান্সফরমার, এসি, জেনারেটরসহ বিভিন্ন সরঞ্জাম নিয়ে যাওয়া হয়।

এরপর থেকে রেঞ্জটি ব্যবহারের অনুপযোগী হয়ে পড়ে। বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের যৌথ ফায়ারিং প্রশিক্ষণের জন্য এটি পুনরায় ব্যবহার উপযোগী করতে প্রয়োজনীয় মেরামত সম্ভব কি না এবং এ জন্য কী ধরনের অর্থায়ন প্রয়োজন হতে পারে, তা যাচাই করতেই প্রতিনিধি দলটি পরিদর্শনে এসেছে বলে জানা গেছে।

আশুলিয়া থানার ওসি মো. তরিকুল ইসলাম বলেন, প্রতিনিধি দলের সদস্যরা ক্ষতিগ্রস্ত ফায়ারিং রেঞ্জটি ঘুরে দেখেছেন। এটি কীভাবে পুনরায় চালু করা যায় এবং কী ধরনের অর্থায়ন প্রয়োজন হতে পারে, সে বিষয়ে অ্যাসেসমেন্টের জন্য তারা এসেছিলেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button