সাভারে অনুমোদনহীন আবাসন প্রকল্পে রাজউকের অভিযান, ভাঙা হলো স্থাপনা
অন্যের জমিতে সাইনবোর্ড লাগিয়ে প্রকল্পের নামে চালিয়ে দেয়ারও অভিযোগ
তাজা খবর: রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) অনুমোদন ছাড়াই আবাসন প্রকল্প পরিচালনার অভিযোগে সাভারে অভিযান চালিয়ে বিভিন্ন স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। এ সময় প্রকল্পটির সাইট অফিস, ড্রেজারের পাইপ ও সাইনবোর্ডসহ বিভিন্ন স্থাপনা ভেঙে দেওয়া হয়।
বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) সকাল থেকে দুপুর পর্যন্ত সাভারের বনগাঁও ইউনিয়নের বনগাঁম এলাকায় ঢাকা ওয়েস্টার্ন ভ্যালি আবাসন প্রকল্পে এ অভিযান পরিচালনা করেন রাজউকের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. সবুজ হাসান।
জানা যায়, সাভার থানা বিএনপির সভাপতি ভূমিদস্যু সাইফুদ্দিন সাইফুলের নেতৃত্বে এই প্রকল্পটি পরিচালনা করা হতো। স্থানীয়দের অভিযোগ প্রকল্পটির মাধ্যমে অনেক নিরীহ মানুষের জমি জোরপূর্বক দখল করে হাউজিংটির অন্তর্ভুক্ত করা হয়েছে। অন্যের জমিতে সাইনবোর্ড লাগিয়ে প্রকল্পের নামে চালিয়ে দেয়ারও অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। রাজউকের এই অভিযানকে স্বাগত জানিয়ে স্থানীয়রা বলছেন অভিযানটি আরও আগে হওয়া উচিত ছিল।
রাজউক সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে অনুমোদন ছাড়াই আবাসন প্রকল্পের কার্যক্রম পরিচালনা এবং আকর্ষণীয় বিজ্ঞাপনের মাধ্যমে প্লট বিক্রির অভিযোগ ছিল ঢাকা ওয়েস্টার্ন ভ্যালির বিরুদ্ধে। অভিযোগের ভিত্তিতে অভিযান চালিয়ে প্রকল্পটির সাইট অফিসসহ বিভিন্ন স্থাপনা উচ্ছেদ করা হয়।
অভিযান শেষে প্রকল্পটির সব ধরনের কার্যক্রম বন্ধ করে দেওয়া হয়। একই সঙ্গে রাজউকের অনুমোদন ছাড়া পুনরায় আবাসন কার্যক্রম পরিচালনা করা হলে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দেওয়া হয়েছে।
রাজউকের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. সবুজ হাসান বলেন, অনুমোদন ছাড়া আবাসন প্রকল্প পরিচালনা করে প্লট বিক্রির কোনো সুযোগ নেই। এ ধরনের কার্যক্রমের বিরুদ্ধে রাজউকের অভিযান অব্যাহত থাকবে।
অভিযানে উপনগর পরিকল্পনাবিদ-২ (নগর পরিকল্পনা ও বাস্তবায়ন শাখা), নবায়ন খীসাসহ রাজউকের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং স্থানীয় পুলিশ প্রশাসনের সদস্যরা উপস্থিত ছিলেন।
এছাড়াও অভিযানের সময় স্থানীয় বাসিন্দারা উপস্থিত ছিলেন। স্থাপনা উচ্ছেদের ঘটনায় তারা সন্তোষ প্রকাশ করেন।



