সাভারে চলন্ত মাইক্রোবাসে আগুন
গাড়ির চালক ও আরোহীরা দ্রুত নেমে যাওয়ায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি
তাজা খবর: ঢাকা-আরিচা মহাসড়কের সাভারের বলিয়ারপুর মধুমতি মডেল টাউনের সামনে চলন্ত একটি মাইক্রোবাস যান্ত্রিক ত্রুটির কারণে আগুন লেগে যায়। তবে এতে কোন হাতাহাতের ঘটনা ঘটেনি।
হস্পতিবার (১৬ জুলাই) দুপুরে ঢাকা থেকে ছেড়ে আসা সাভার মুখীলেনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। তবে আগুন লাগার সাথে সাথে গাড়ির চালক ও আরোহীরা দ্রুত নেমে যাওয়ায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
প্রত্যক্ষদর্শিরা জানায়, দুপুরে একটি মাইক্রোবাস সাভারের দিকে যাচ্ছিল। মহাসড়কের মধুমতি মডেল টাউনের সামনে পৌঁছালে চলন্ত গাড়িটির ইঞ্জিন থেকে হঠাৎ ধোঁয়া ও আগুন জ্বলতে দেখে চালক গাড়িটি থামিয়ে দেন। এসময় গাড়ির ভেতরে থাকা লোকজন আতঙ্কিত হয়ে দ্রুত নিরাপদে বেরিয়ে আসেন। মুহূর্তের মধ্যেই আগুন পুরো গাড়িতে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে সাভার ফায়ার সার্ভিসের একটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে।
সাভার ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার জাহাঙ্গীর আলম বলেন, খবর পাওয়ার পরপরই আমাদের টিম ঘটনাস্থলে পৌঁছায়। প্রায় ৫ থেকে ৭ মিনিটের মধ্যেই আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে ইঞ্জিনের অভ্যন্তরীণ যান্ত্রিক ত্রুটির কারণেই এই আগুনের সূত্রপাত হয়েছিল।
তিনি আরও জানান, গাড়িটিতে আগুন লাগার পর ভেতরের সবাই অক্ষত অবস্থায় বের হতে পারায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি।



