সাভারে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে বাজারগুলোতে অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন
সকাল থেকে বিকাল পর্যন্ত সাভারের গেন্ডা কাঁচা বাজারে এই অভিযান
তাজা খবর: ঢাকা জেলার সাভারে রমজানে বাজার মূল্যের চেয়ে বেশি দামে পণ্য বিক্রি ও মূল্য তালিকা না থাকাসহ বিভিন্ন অনিয়মের অভিযোগে সাভার উপজেলার বিভিন্ন বাজার গুলোতে অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন।
বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) সকাল থেকে বিকাল পর্যন্ত সাভারের গেন্ডা কাঁচা বাজারে এই অভিযান পরিচালনা করেন উপজেলা প্রশাসনের সহকারী কমিশনার (ভুমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আবদুল্লাহ আল আমিন। এ সময় অভিযান দেখে অনেকে দোকান রেখে পালিয়ে যান।
নির্বাহী ম্যাজিস্ট্রেট আবদুল্লাহ আল আমিন জানান, রমজানের দ্রব্যমূল্যের দাম নিয়ন্ত্রণে রাখতে বাজার মনিটরিং এর অংশ হিসেবে আজ সাভারের গেন্ডা কাঁচা বাজারে বেশি দামে পণ্য বিক্রি ও মূল্য তালিকা না থাকাসহ বিভিন্ন অনিয়মের অভিযোগে পাঁচটি প্রতিষ্ঠানকে ১৩ হাজার টাকা জরিমানা করা হয় এবং সতর্ক করে নির্ধারিত মূল্য তালিকা টানিয়ে ব্যবসা পরিচালনার জন্য নির্দেশ দেওয়া হয়।
এ সময় তিনি আরো বলেন, দ্রব্যমূল্যের দাম নিয়ন্ত্রণে রাখতে পুরো রমজান মাস জুড়ে আমাদের এই অভিযান অব্যাহত থাকবে।
অপরদিকে, উপজেলা নির্বাহী অফিসার মোঃ সাইফুল ইসলাম বলেন, রমজানে দ্রব্যমূল্য নিয়ন্ত্রনে আমিনবাজার ও আশুলিয়ার নির্বাহী ম্যাজিস্ট্রেট পৃথক অভিযান পরিচালনা করেন। আমিনবাজার মসজিদ মার্কেট বাজারে মূল্য তালিকা না থাকার অপরাধে দুই প্রতিষ্ঠানকে ৪ হাজার টাকা অর্থদন্ড প্রদান করা হয়। বাইপাইল বাজারে অভিযান চালিয়ে এক প্রতিষ্ঠানের বিরুদ্ধে মামলা করা হয়। অপর প্রতিষ্ঠানকে ৩ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।



