সাভারে মাদক ও বিদেশি পিস্তলসহ ২ তরুণ গ্রেপ্তার
গোপন সংবাদের ভিত্তিতে রাজাসন পালোয়ান পাড়া এলাকায় অভিযান
তাজা খবর: ঢাকার সাভার থেকে বিদেশি পিস্তল, গুলি, নেপালি ছোরা ও বিপুল মাদকদ্রব্যসহ দুই তরুণকে গ্রেপ্তার করেছে ঢাকা জেলার (উত্তর) গোয়েন্দা পুলিশ (ডিবি)। গ্রেপ্তার দুজনকে ‘মাদক কারবারি’ বলছে পুলিশ।
বৃহস্পতিবার (২০ আগস্ট) রাতে সাভারের রাজাসন পালোয়ান পাড়া এলাকায় অভিযান পরিচালনা করে তাদের গ্রেপ্তার করা হয় বলে জানিয়েছেন ঢাকা জেলা ডিবি (উত্তর) এর ওসি সাইদুল ইসলাম।
গ্রেপ্তারকৃতরা হলেন- মো. রাসেল বাবু (২২) ও মো. সজীব মিয়া (২১)।
ডিবি জানায়, গোপন সংবাদের ভিত্তিতে রাজাসন পালোয়ান পাড়া এলাকায় অভিযান চালানো হয়। অভিযানে রাসেল বাবু ও সজীব মিয়াকে আটক করে তাদের কাছ থেকে একটি আমেরিকায় তৈরি পিস্তল, ১টি ম্যাগজিন, পিস্তলের ৬টি গুলি, শর্টগানের ১টি কার্তুজ এবং ১টি নেপালি ছোরা উদ্ধার করা হয়।
পাশাপাশি তাদের কাছ থেকে ৩০০ গ্রাম হেরোইন, ৫ বোতল ফেয়ারডিল সিরাপ এবং ২০০ গ্রাম গাঁজা জব্দ করা হয়েছে।
এছাড়া মাদক বিক্রির নজরদারিতে ব্যবহৃত ২টি সিসিটিভি ক্যামেরা ও ১টি ডিভিআর উদ্ধার ও জব্দ করা হয়।
ওসি সাইদুল ইসলাম বলেন, “গ্রেপ্তার আসামিরা দীর্ঘদিন ধরে এলাকায় অস্ত্র প্রদর্শন ও মাদকের বড় চালান সরবরাহ করে আসছিল। এ ঘটনায় তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।”



