সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ডেঙ্গু রোগীদের মশারি বিতরণ করলেন বিএনপি নেতা খোরশেদ
মানুষের স্বাস্থ্য সুরক্ষায় তিনি সব সময় পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করেন
তাজা খবর: ঢাকা জেলার সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন ডেঙ্গু রোগীদের মশার কামড় থেকে সুরক্ষিত রাখতে ৫০টি মশারি বিতরণ করা হয়েছে। ঢাকা জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ও সাভার পৌরসভার মেয়র প্রার্থী খোরশেদ আলমের উদ্যোগে এ মশারি বিতরণ করা হয়।
শনিবার (১০ অক্টোবর) দুপুরে সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে হাসপাতাল কর্তৃপক্ষের কাছে মশারিগুলো হস্তান্তর করা হয়। পরে ডেঙ্গু ওয়ার্ডে চিকিৎসাধীন রোগীদের মাঝে সেগুলো বিতরণ করা হয়।
এ সময় খোরশেদ আলম বলেন, সাম্প্রতিক সময়ে ডেঙ্গু পরিস্থিতি উদ্বেগজনক হয়ে উঠেছে। হাসপাতালে চিকিৎসাধীন রোগীরা যাতে মশার কামড় থেকে সুরক্ষিত থাকেন এবং ডেঙ্গুর বিস্তার রোধে সহায়তা হয়, সে লক্ষ্যেই তাঁর এই ক্ষুদ্র উদ্যোগ। সাভারের সাধারণ মানুষের স্বাস্থ্য সুরক্ষায় তিনি সব সময় পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করেন।
তিনি আরও বলেন, ডেঙ্গু প্রতিরোধে শুধু মশারি ব্যবহার করলেই হবে না, নিজেদের বাড়িঘর ও আশপাশের এলাকা পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে হবে। কোথাও পানি জমে থাকলে তা দ্রুত অপসারণ করতে হবে।
মশারি বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাভার উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ফজলে বারী, ৬ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী দেলোয়ার হোসেন মাদবর, সাবেক ছাত্রদল নেতা আবু বক্কর সিদ্দিক কল্লোলসহ হাসপাতালের চিকিৎসক ও নার্সরা।



