৯ জুলাই প্রকাশ হবে প্রাথমিক বৃত্তি পরীক্ষার ফল
সারা দেশে মোট ৮২ হাজার ৫০০ জন শিক্ষার্থী বৃত্তি পাবে
তাজা খবর: চলতি বছরের প্রাথমিক বৃত্তি পরীক্ষার ফল আগামী ৯ জুলাই প্রকাশ করা হবে।
বুধবার (১ জুলাই) অনুষ্ঠিত এক সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় সূত্রে জানা গেছে।
এ বছর সারা দেশে মোট ৮২ হাজার ৫০০ জন শিক্ষার্থী বৃত্তি পাবে। এর মধ্যে ৮০ শতাংশ বৃত্তি পাবে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা এবং বাকি ২০ শতাংশ পাবে বেসরকারি ও কিন্ডারগার্টেনের শিক্ষার্থীরা।
প্রাথমিক শিক্ষা অধিদপ্তর জানিয়েছে, ফল প্রকাশের পর শিক্ষার্থী ও অভিভাবকেরা আইপিইএমআইএস (IPEMIS) পোর্টালে অনলাইনের মাধ্যমে এবং মোবাইল এসএমএসের মাধ্যমে ফল জানতে পারবেন।
বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের ট্যালেন্টপুল ও সাধারণ গ্রেড, এই দুই ক্যাটাগরিতে আর্থিক সহায়তা দেওয়া হবে।
ট্যালেন্টপুলে নির্বাচিত ৩৩ হাজার শিক্ষার্থী মাসিক ৩০০ থেকে ৩৫০ টাকা এবং বছরে এককালীন ২২৫ টাকা পাবে। অন্যদিকে সাধারণ গ্রেডে নির্বাচিত ৪৯ হাজার ৫০০ শিক্ষার্থী মাসিক ২২৫ থেকে ২৫০ টাকা এবং বছরে এককালীন ২২৫ টাকা করে পাবে।
নির্বাচিত শিক্ষার্থীরা ষষ্ঠ থেকে অষ্টম শ্রেণি পর্যন্ত টানা তিন বছর এই আর্থিক সুবিধা ভোগ করবে। পাশাপাশি ভবিষ্যতে বৃত্তির অর্থ দ্বিগুণ থেকে চার গুণ পর্যন্ত বাড়ানোর একটি প্রস্তাব বর্তমানে সরকারের বিবেচনায় রয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।
উল্লেখ্য, এ বছরের প্রাথমিক বৃত্তি পরীক্ষা সারা দেশে ১৫ থেকে ১৮ এপ্রিল অনুষ্ঠিত হয়। তবে পার্বত্য তিন জেলা, রাঙামাটি, খাগড়াছড়ি ও বান্দরবানে বিশেষ সময়সূচি অনুযায়ী ১৭ থেকে ২০ এপ্রিল পরীক্ষা নেওয়া হয়।



