প্রথম কর্মদিবসে যা যা করলেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি
সকালে বঙ্গভবনে পৌঁছে গুরুত্বপূর্ণ কয়েকটি নথি, সারসংক্ষেপ ও বাণীতে স্বাক্ষর করেন
তাজা খবর: ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব গ্রহণের পর প্রথমবারের মতো বঙ্গভবনে গিয়ে দাপ্তরিক কার্যক্রম পরিচালনা করেছেন হাফিজ উদ্দিন আহমদ।
রাষ্ট্রীয় আনুষ্ঠানিকতায় অংশ নেওয়ার পাশাপাশি মঙ্গলবার সকালে বঙ্গভবনে পৌঁছে গুরুত্বপূর্ণ কয়েকটি নথি, সারসংক্ষেপ ও বাণীতে স্বাক্ষর করেন তিনি।
বঙ্গভবনে প্রবেশের সময় ভারপ্রাপ্ত রাষ্ট্রপতিকে অভ্যর্থনা জানায় প্রেসিডেন্ট গার্ড রেজিমেন্টের (পিজিআর) সুসজ্জিত অশ্বারোহী দল। এরপর তাকে দেওয়া হয় রাষ্ট্রীয় গার্ড অব অনার।
এ সময় রাষ্ট্রপতির সামরিক সচিব মেজর জেনারেল এ এস এম বাহাউদ্দিন, জনবিভাগের সচিব খান মো. নূরুল আমিন, প্রেস সচিব মো. সরওয়ার আলম এবং পিজিআর কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল গোলাম আরিকুল আলম ফুল দিয়ে তাকে স্বাগত জানান।
দায়িত্ব গ্রহণের প্রথম দিনে বঙ্গভবনের জ্যেষ্ঠ কর্মকর্তাদের সঙ্গে পরিচিত হন হাফিজ উদ্দিন আহমদ। কর্মকর্তারা তাকে বঙ্গভবনের ইতিহাস, ঐতিহ্য, প্রশাসনিক কাঠামো এবং বিভিন্ন বিভাগের কার্যক্রম সম্পর্কে ধারণা দেন। পরে তিনি নিজের কার্যালয়ে বসে কয়েকটি সরকারি সারসংক্ষেপ, বাণী ও প্রয়োজনীয় নথিতে স্বাক্ষর করেন।
দাপ্তরিক কাজের পাশাপাশি বঙ্গভবনের গুরুত্বপূর্ণ স্থাপনাগুলো ঘুরে দেখেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি। তিনি ক্রেডেনশিয়াল হল, দরবার হল ও তোশাখানা পরিদর্শন করেন। পরিদর্শন শেষে স্বাক্ষর করেন বঙ্গভবনের পরিদর্শন বইয়ে।
কর্মসূচি শেষ করে দুপুরে বঙ্গভবন থেকে বের হয়ে যান হাফিজ উদ্দিন আহমদ।
এর আগে গত ২৪ জুলাই মো. সাহাবুদ্দিন রাষ্ট্রপতির পদ থেকে সরে দাঁড়ানোর পর সংবিধান অনুযায়ী স্পিকার হিসেবে তিনি ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব নেন। নতুন রাষ্ট্রপতি নির্বাচিত না হওয়া পর্যন্ত তিনি এই দায়িত্ব পালন করবেন।
তবে রাষ্ট্রপতির দায়িত্ব পালন করলেও তিনি বঙ্গভবনে স্থায়ীভাবে থাকছেন না; স্পিকারের সরকারি বাসভবন থেকেই দায়িত্ব পালন করবেন।



