সারা বাংলা

সাভারে শ্যামপুরের পর এবার বনগাঁওয়ে প্রেসার কুকারে বোমা সদৃশ বস্তু, এলাকায় আতঙ্ক

পাশাপাশি দুটি এলাকায় বোমা ও বোমা সদৃশ বস্তু উদ্ধারের ঘটনায় স্থানীয় বাসিন্দাদের মনে চরম উদ্বেগ ও আতঙ্ক

তাজা খবর: ঢাকার সাভারের শ্যামপুর এলাকায় বোমা উদ্ধারের কয়েক ঘণ্টার ব্যবধানে পার্শ্ববর্তী বনগাঁও ইউনিয়নের গোপেরবাড়ী এলাকায় আবারও এক আতঙ্কের সৃষ্টি হয়েছে। সেখানকার ঘোড়া মসজিদের সামনে মাঠ থেকে প্রেসার কুকারে তৈরি একটি বোমা সদৃশ বস্তু উদ্ধার করেছে সাভার মডেল থানা পুলিশ।

সাভার মডেল থানার ভবানীপুর পুলিশ ক্যাম্পের ইনচার্জ এসআই মো. ইমরান বলেন, মঙ্গলবার দিবাগত রাতে ঘোড়া মসজিদ দেশ সামনে মাঠে ড্রাম দেখতে পায় স্থানীয়রা। ড্রামের ভিতর কিছু কাপড়, একটি কোরআন শরিফ, কসটেপ প্যাঁচানো একটি প্রেসার কুকার ছিল। রাতে ড্রামটি ওই অবস্থায় ছিল।

তিনি বলেন, প্রেসার কুকারের মুখ থেকে কসটেপ পেঁচানো কিছু বৈদ্যুতিক তার বের হয়ে থাকতে দেখে স্থানীয়দের সন্দেহ হয়। মুহূর্তের মধ্যেই খবরটি ছড়িয়ে পড়লে এলাকায় তীব্র আতঙ্ক ও উৎসুক জনতার ভিড় জমে।

স্থানীয়রা দ্রুত থানা পুলিশকে খবর দিলে সাভার মডেল থানার একটি চৌকস দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা নিরাপত্তার স্বার্থে স্থানটি ঘিরে রাখে এবং আশপাশের কৌতূহলী মানুষকে নিরাপদ দূরত্বে সরিয়ে দেয়

প্রাথমিক দৃষ্টিকোণ থেকে এটিকে আইইডি (বোমা সদৃশ) মনে হচ্ছে। ঝুঁকিমুক্তভাবে এটি নিষ্ক্রিয় করার জন্য ডিএমপির কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিটের ‘বোম্ব ডিসপোজাল ইউনিট’-কে খবর দেওয়া হয়েছে। এক্সপার্ট টিম এসে পৌঁছালে বস্তুটি পরীক্ষা-নিরীক্ষা করে নিশ্চিত হওয়া যাবে এবং নিষ্ক্রিয় করার ব্যবস্থা নেওয়া হবে।

উল্লেখ্য, গত ৩১ জুলাই আশুলিয়ার চারাবাগ খেজুর বাগান এলাকায় একটি চায়ের দোকানের সামনে ব্যাগ থেকে প্রেশার কুকার বোমা উদ্ধার করে পুলিশ। এছাড়া মঙ্গলবার রাতে তেঁতুলঝোড়া ইউনিয়নের শ্যামপুর এলাকার একটি বাসায় অভিযান চালিয়ে কিছু হাতবোমা ও বোমা তৈরির উপকরণসহ এক ব্যক্তিকে গ্রেপ্তারের তথ্য দিয়েছে পুলিশ।

পাশাপাশি দুটি এলাকায় বোমা ও বোমা সদৃশ বস্তু উদ্ধারের ঘটনায় স্থানীয় বাসিন্দাদের মনে চরম উদ্বেগ ও আতঙ্ক বিরাজ করছে। কে বা কারা এবং কী উদ্দেশ্যে এসব বস্তু ফেলে রেখে যাচ্ছে, তা খতিয়ে দেখতে পুলিশের পাশাপাশি অন্যান্য গোয়েন্দা সংস্থাও তদন্তে নেমেছে বলে জানিয়েছেন সবার মডেল থানার ওসি সাইফুল আলম।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button