সারা বাংলা

ঢাকা জেলার ৩৯ ইউনিয়ন পরিষদে লটারির মাধ্যমে বদলি

ঢাকা জেলার ৬২টি ইউনিয়ন পরিষদে মোট ৬২টি সংশ্লিষ্ট পদ রয়েছে

তাজা খবর: ঢাকা জেলার ৫টি উপজেলার ৩৯টি ইউনিয়ন পরিষদে কর্মরত কর্মচারীদের বদলি ও পদায়নে স্বচ্ছতা নিশ্চিত করতে লটারির আয়োজন করেছে জেলা প্রশাসন।

আজ রোববার (১৬ আগস্ট) দুপুর সাড়ে ১২টায় ঢাকা জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে এ লটারি অনুষ্ঠিত হয়।

জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, ঢাকা জেলার ৬২টি ইউনিয়ন পরিষদে মোট ৬২টি সংশ্লিষ্ট পদ রয়েছে। এর মধ্যে বর্তমানে ৫৯ জন কর্মরত রয়েছেন এবং ৩টি পদ শূন্য রয়েছে। বদলি কার্যক্রমের অংশ হিসেবে ৩৯টি ইউনিয়ন পরিষদের কর্মচারীদের লটারির মাধ্যমে নতুন কর্মস্থলে পদায়নের উদ্যোগ নেওয়া হয়।

লটারিতে কেরানীগঞ্জ, নবাবগঞ্জ ও দোহার উপজেলার ইউনিয়ন পরিষদে পদায়নের জন্য ২৬ জন এবং সাভার ও ধামরাই উপজেলার জন্য ১৩ জন কর্মচারী অংশ নেন।

জেলা প্রশাসক ফরিদা খানম বলেন, বদলি ও পদায়ন প্রক্রিয়াকে স্বচ্ছ, নিরপেক্ষ ও জবাবদিহিমূলক রাখাই আমাদের মূল লক্ষ্য। প্রশাসনিক বদলিতে যেন কোনো ধরনের স্বজনপ্রীতি, ব্যক্তিগত প্রভাব কিংবা অবৈধ তদবিরের সুযোগ না থাকে, সে বিষয়টি আমরা গুরুত্বের সঙ্গে বিবেচনা করেছি।

তিনি বলেন, লটারির মাধ্যমে পদায়ন করা হলে প্রত্যেক কর্মচারীর জন্য সমান সুযোগ নিশ্চিত হয় এবং বদলি প্রক্রিয়া নিয়ে অনাকাঙ্ক্ষিত প্রশ্ন বা সংশয়ের সুযোগ থাকে না। আমরা চাই, প্রশাসনের প্রতিটি কার্যক্রম নিয়ম ও নীতির ভিত্তিতে পরিচালিত হোক। এর মাধ্যমে অনৈতিক তদবিরের সংস্কৃতি কমবে, জবাবদিহিতা বাড়বে এবং প্রশাসনিক শৃঙ্খলা আরও সুদৃঢ় হবে।

জেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, নির্ধারিত নিয়ম অনুসরণ করে সম্পূর্ণ স্বচ্ছ ও নিরপেক্ষ প্রক্রিয়ায় লটারির মাধ্যমে কর্মচারীদের পদায়ন করা হয়েছে। এ উদ্যোগের মাধ্যমে বদলি কার্যক্রমে স্বজনপ্রীতি ও অনৈতিক প্রভাবের সুযোগ কমানোর পাশাপাশি ইউনিয়ন পরিষদ পর্যায়ে সুশাসন ও জনসেবার মান আরও উন্নত করার প্রত্যাশা করা হচ্ছে।

প্রশাসনের সংশ্লিষ্টরা মনে করছেন, একই কর্মস্থলে দীর্ঘদিন দায়িত্ব পালনের ফলে সৃষ্ট অনাকাঙ্ক্ষিত প্রভাব কমাতে নিয়মতান্ত্রিক বদলি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। একই সঙ্গে কর্মচারীদের মধ্যে পেশাদারত্ব, নিরপেক্ষতা ও দায়িত্বশীলতা বাড়ানোর ক্ষেত্রেও এ উদ্যোগ ইতিবাচক প্রভাব ফেলবে।

লটারিতে পদায়ন পাওয়া কর্মচারীদের আগামী ১৭ আগস্টের মধ্যে বদলিকৃত কর্মস্থলে যোগদানের নির্দেশনা দিয়েছেন জেলা প্রশাসক ফরিদা খানম।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button