অপরাধ ও দুর্নীতি

সাভারে মিল্টন সমাদ্দারের বিরুদ্ধে মামলা

সেবা ও আশ্রয় দেওয়ার বিনিময়ে মাসিক ১৮ হাজার টাকা দাবি করেন মিল্টন সমাদ্দার

তাজা খবর: চাইল্ড অ্যান্ড ওল্ড এইজ কেয়ারের প্রতিষ্ঠাতা মিল্টন সমাদ্দারের বিরুদ্ধে হামলার অভিযোগে সাভার মডেল থানায় মামলা হয়েছে।

শনিবার (২৯ আগস্ট) দুপুরে ভুক্তভোগী যুবক নাহিদ হাসান বাদী হয়ে মামলাটি করেন। নাহিদ হাসান সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ‘উজান টিভি’র কনটেন্ট ক্রিয়েটর হিসেবে পরিচিত।

সাভার মডেল থানার উপপরিদর্শক (এসআই) আল আমিন বিষয়টি নিশ্চিত করেছেন।

এ বিষয়ে নাহিদ হাসান বলেন, আমাদের সঙ্গে যে অন্যায় হয়েছে, আমরা কেবল তার বিচার চাই। মিল্টন সমাদ্দার যেভাবে আমাদের ওপর অতর্কিত ও হত্যার উদ্দেশ্যে হামলা চালিয়েছেন, আমরা আইনের মাধ্যমে তার সঠিক বিচার প্রত্যাশা করছি। আমরা আইনের প্রতি শ্রদ্ধাশীল। আশা করি, অপরাধের ভিত্তিতে প্রচলিত আইনে যথাযথ বিচার পাব।

মামলার বিষয়ে জানতে মিল্টন সমাদ্দারের মুঠোফোনে একাধিকবার কল করা হলেও তিনি সাড়া দেননি। হোয়াটসঅ্যাপে বার্তা পাঠিয়েও তার কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

এর আগে, গত ২৭ আগস্ট নাহিদ হাসান সাভার মডেল থানায় অভিযোগ জমা দেন। অভিযোগপত্রে নাহিদ হাসান বলেন, তিনি একজন কনটেন্ট ক্রিয়েটর ও স্বেচ্ছাসেবী হিসেবে বিভিন্ন সামাজিক ও মানবিক কল্যাণমূলক কার্যক্রমের সঙ্গে যুক্ত। বিভিন্ন নিউজ পোর্টালে প্রকাশিত বিজ্ঞাপন ও লোকমুখে তিনি জানতে পারেন, ঢাকার সাভার মডেল থানার বিরুলিয়া ইউনিয়নের কমলাপুর এলাকায় মিল্টন সমাদ্দার পরিচালিত চাইল্ড অ্যান্ড ওল্ড এইজ কেয়ার প্রতিষ্ঠানে পরিচয়বিহীন শিশু ও বয়স্ক ব্যক্তিদের আশ্রয় দেওয়ার পাশাপাশি অসুস্থ ব্যক্তিদের বিনামূল্যে চিকিৎসাসেবা দেওয়া হয়।

নাহিদের অভিযোগ, গত ২৩ আগস্ট আনুমানিক দুপুর সাড়ে দুইটার দিকে শরণখোলা থানার বকুলতলা এলাকার দশকুড়াসংলগ্ন সড়কে প্রায় ৬৫ বছর বয়সি এক পরিচয়বিহীন ও অসুস্থ বৃদ্ধাকে পড়ে থাকতে দেখেন তিনি। তার পরিচয় ও পরিবারের সদস্যদের সন্ধান করার চেষ্টা করেও কাউকে না পেয়ে মানবিক কারণে বৃদ্ধাকে উদ্ধার করে শরণখোলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর মিল্টন সমাদ্দারের সঙ্গে মুঠোফোনে যোগাযোগ করে বৃদ্ধাকে তার পরিচালিত প্রতিষ্ঠানে আশ্রয় ও সেবা দেওয়ার অনুরোধ করেন।

অভিযোগে নাহিদ আরও বলেন, প্রথমে মিল্টন সমাদ্দার ওই বৃদ্ধাকে তার প্রতিষ্ঠানে নিতে অপারগতা প্রকাশ করেন। পরে তার অনুরোধের একপর্যায়ে সেবা ও আশ্রয় দেওয়ার বিনিময়ে মাসিক ১৮ হাজার টাকা দাবি করেন মিল্টন সমাদ্দার। বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করা হয়।

নাহিদের অভিযোগ, এরপর মিল্টন সমাদ্দারের কথামতো গত ২৫ আগস্ট শরণখোলা উপজেলা থেকে রওনা হয়ে ওই বৃদ্ধাকে নিয়ে রাত আনুমানিক আড়াইটার দিকে অ্যাম্বুলেন্সে করে চাইল্ড অ্যান্ড ওল্ড এইজ কেয়ারে পৌঁছান তারা। সেখানে পৌঁছানোর পরপরই পরিচালক মিল্টন সমাদ্দার, প্রতিষ্ঠানের ম্যানেজার দেবাশীষ (২৬) এবং অজ্ঞাতনামা আরও ৫ থেকে ৭ জন পূর্বে সামাজিক যোগাযোগমাধ্যমে তথ্য প্রকাশের জের ধরে তাদের ওপর অতর্কিত হামলা চালান বলে অভিযোগ করেন তিনি।

নাহিদ হাসানের অভিযোগ, একপর্যায়ে মিল্টন সমাদ্দার তাকে হত্যার উদ্দেশ্যে গলা চেপে ধরে শ্বাসরোধের চেষ্টা করেন। তখন তার সঙ্গে থাকা মো. ইলিয়াস হোসেন তাকে বিবাদীদের কবল থেকে রক্ষা করার চেষ্টা করলে তাকেও এলোপাতাড়ি মারধর করা হয়। এতে তার শরীরের বিভিন্ন স্থানে নীলাফোলা জখম হয়।

অভিযোগে আরও বলা হয়, পরে অজ্ঞাতনামা ব্যক্তিদের সহায়তায় মিল্টন সমাদ্দার ভয়ভীতি দেখিয়ে নাহিদের কাছ থেকে জোরপূর্বক তার দায়মুক্তি ও পক্ষপাতমূলক বক্তব্য-সংবলিত একটি ভিডিও ধারণ করে রাখেন। আগের পোস্টটি বিভিন্ন গণমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারিত হওয়ায় নিজের অপরাধ ও দায় এড়ানোর উদ্দেশ্যে মিল্টন সমাদ্দার ওই বৃদ্ধাকে তার পরিচালিত প্রতিষ্ঠানে রেখে দেন এবং নাহিদ ও তার সঙ্গে থাকা মো. ইলিয়াস হোসেনকে প্রাণনাশের হুমকি দিয়ে সেখান থেকে বের করে দেন বলে অভিযোগ করেন নাহিদ।

পরে স্থানীয় লোকজনের সহায়তায় তারা ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে গিয়ে চিকিৎসা নেন বলে অভিযোগপত্রে উল্লেখ করা হয়েছে।

গত ২৬ আগস্ট ফেসবুকে দেওয়া এক পোস্টে নাহিদ হাসান অভিযোগ করেন, এক বৃদ্ধ নারীকে মিল্টন সমাদ্দারের প্রতিষ্ঠান চাইল্ড অ্যান্ড ওল্ড এইজ কেয়ারে আশ্রয় দিতে নিয়ে যাওয়ার পর বিদ্যুৎ-সংযোগ বন্ধ করে তাকে বেধড়ক মারধর করা হয়। একই সঙ্গে তার কাছ থেকে টাকা চাওয়া হয়নি—এমন স্বীকৃতিমূলক বক্তব্যও জোর করে নেওয়া হয় বলে অভিযোগ করেন নাহিদ।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button