সারা বাংলা

রূপপুরের বিদ্যুৎ নিয়ে দুঃসংবাদ দিলেন মন্ত্রী

১নং ইউনিটে পাইলট-অপারেটেড রিলিফ ভালভ জটিলতার কারণে নির্ধারিত সময়ে রূপপুরের বিদ্যুৎ পাওয়া যাবে না

তাজা খবর: রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের ১নং ইউনিটে পাইলট-অপারেটেড রিলিফ ভালভ জটিলতার কারণে নির্ধারিত সময়ে রূপপুরের বিদ্যুৎ পাওয়া যাবে না বলে জানিয়েছেন বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী ফকির মাহবুব আনাম।

সংবাদ সম্মেলনে তিনি বলেন, প্রয়োজন হলে ইউনিট-২-এর ভালভ ইউনিট-১-এ প্রতিস্থাপন কিংবা বিদ্যমান ভালভ সংস্কারের উদ্যোগ নেওয়া হবে। সমস্যা খতিয়ে দেখতে রাশিয়া থেকে একটি বিশেষজ্ঞ দলও আসছে।

বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী বলেন, বিষয়টি না লুকিয়ে বলতে চাই, এই ভালভে যেখানে সমস্যা আছে, সেখানেই সমাধান হবে। প্রয়োজন হলে ইউনিট-২-এর ভালভ ইউনিট-১-এ রিপ্লেস (প্রতিস্থাপন) করব অথবা তাদের সম্ভাব্য কম সময়ে সেটি ঠিক করতে বলব।

পরমাণু শক্তি কমিশনের কর্মকর্তাদের ধারণা, বর্তমান পরিস্থিতিতে চলতি বছর প্রথম ইউনিট থেকে বাণিজ্যিকভাবে বিদ্যুৎ উৎপাদন শুরু হওয়ার সম্ভাবনা কম।

রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের দুটি ইউনিট চালু হলে জাতীয় গ্রিডে মোট প্রায় ২ হাজার ৪০০ মেগাওয়াটের বেশি বিদ্যুৎ যুক্ত হওয়ার কথা। এর ফলে দেশের বিদ্যুৎ ঘাটতি কমানোর পাশাপাশি গ্যাস ও তরল জ্বালানির ওপর চাপ এবং জ্বালানি আমদানির ব্যয় কমাতে সহায়তা করবে বলে আশা করা হচ্ছে।

মূল পরিকল্পনা অনুযায়ী, রূপপুরের প্রথম ইউনিট ২০২২ সালের ডিসেম্বর এবং দ্বিতীয় ইউনিট ২০২৩ সালের অক্টোবরে চালু হওয়ার কথা ছিল। করোনা মহামারি ও রাশিয়া-ইউক্রেন যুদ্ধসহ বিভিন্ন কারণে প্রকল্পটির সময়সূচিতে কয়েক দফা পরিবর্তন হয়েছে। চলতি বছর প্রথম ইউনিট থেকে বিদ্যুৎ জাতীয় গ্রিডে যুক্ত হওয়ার আশা থাকলেও সেফটি ভালভের ত্রুটিতে সেই সময়সূচিও এখন অনিশ্চিত হয়ে পড়েছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button