বীর শহীদদের স্মরণে জাতীয় স্মৃতিসৌধে তারেক রহমান
রাত ১০টা ৪ মিনিটে সাভারের জাতীয় স্মৃতিসৌধ প্রাঙ্গণে প্রবেশ করেন তারেক রহমান
তাজা খবর: জাতির বীর শহীদ সন্তানদের স্মরণে সাভারের জাতীয় স্মৃতিসৌধে এসেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এর আগে বিএনপির পক্ষ থেকে নিয়ম মেনে বিকেলে ফুলেল শ্রদ্ধা নিবেদন করেছেন বিএনপি নেতারা।
শুক্রবার (২৬ ডিসেম্বর) রাত ১০টা ৪ মিনিটে সাভারের জাতীয় স্মৃতিসৌধ প্রাঙ্গণে প্রবেশ করেন তারেক রহমান। এসময় তিনি দলের নেতাকর্মীদের নিয়ে বীর শহীদদের স্মরণ করেন।
তারেক রহমানের আগমনকে কেন্দ্র করে সাভার-আশুলিয়াসহ দেশের বিভিন্ন প্রান্তের মানুষ সাভারের জাতীয় স্মৃতিসৌধ প্রাঙ্গণে এসে ভিড় করে।
ব্যানার-ফেস্টুন হাতে কয়েক হাজার নেতাকর্মী সেখানে উপস্থিত হন। বিশৃঙ্খলা এড়াতে এবং তারেক রহমানের নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ, বিজিবি, আনসারসহ সাদা পোশাকের আইনশৃঙ্খলা বাহিনীর বিপুল সংখ্যক সদস্য মোতায়েন করা হয়।
এসময় উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর রায়, সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর, কেন্দ্রীয় কমিটির সহ-পরিবার কল্যাণ বিষয়ক সম্পাদক ডা. দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন বাবুসহ স্থায়ী কমিটির সদস্য এবং দলের কেন্দ্রীয় নেতারা।
এর আগে বিকেল ৪টা ৪০ মিনিটের দিকে তারেক রহমান শহীদ জিয়ার মাজারে পৌঁছান এবং জিয়ারত করেন।
গতকাল বৃহস্পতিবার দীর্ঘ ১৭ বছরের নির্বাসিত জীবন কাটিয়ে দেশে ফেরেন তারেক রহমান। ফেরার দিন রাজধানীর পূর্বাচলের ৩০০ ফিট এলাকায় দলের দেওয়া সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দেন তিনি। এরপর অসুস্থ মাকে দেখতে এভারকেয়ার হাসপাতালে যান এবং সেখান থেকে গুলশানের বাসভবনে ফেরেন।



