সাভারের আশুলিয়ায় মহাসড়কে টায়ারে আগুন দিয়ে পালাল দুর্বৃত্তরা
‘জয় বাংলা’সহ একটি নির্দিষ্ট রায়ের বিরুদ্ধে স্লোগান দিয়ে দ্রুত দক্ষিণ দিকে পালিয়ে যায়
তাজা খবর: ঢাকার সাভারের আশুলিয়ায় নবীনগর-চন্দ্রা মহাসড়কের ওপর টায়ারে আগুন জ্বালিয়ে স্লোগান দিয়ে একটি হায়েস নিয়ে পালিয়ে গেছে দুর্বৃত্তরা। পরে স্থানীয়রা পানি দিয়ে আগুন নিভিয়ে মহাসড়ক থেকে বর্জ্য সরিয়ে যান চলাচল স্বাভাবিক করেন।
শনিবার (১৯ সেপ্টেম্বর) রাত ৯টার দিকে মহাসড়কের বাড়ইপাড়া জুম্মাঘর সংলগ্ন তানজিলা টেক্সটাইল কারখানার সামনে চন্দ্রামুখী লেনে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, একটি হায়েস থামিয়ে টায়ারে আগুন দিয়ে সেটি মহাসড়কে ফেলে দেওয়া হয়। মুহূর্তের মধ্যে টায়ারটি দাউ দাউ করে জ্বলতে শুরু করলে সড়কে আতঙ্ক ছড়িয়ে পড়ে। আগুন ধরানোর পর তারা ‘জয় বাংলা’সহ একটি নির্দিষ্ট রায়ের বিরুদ্ধে স্লোগান দিয়ে দ্রুত দক্ষিণ দিকে পালিয়ে যায় বলে স্থানীয়রা জানান।
পরে স্থানীয়রা পানি এনে আগুন নিভিয়ে ফেলেন। একই সঙ্গে মহাসড়ক থেকে বর্জ্য সরিয়ে যান চলাচল স্বাভাবিক করা হয়।
স্থানীয় বিএনপি নেতা ও শিমুলিয়া ইউনিয়ন বিএনপির যুগ্ম সম্পাদক রুবেল শেখ বলেন, খবর পেয়ে তারা দ্রুত ঘটনাস্থলে গিয়ে রাস্তায় টায়ার জ্বলতে দেখেন। পরে স্থানীয়দের সহায়তায় পানি ঢেলে আগুন নেভানো ও রাস্তা পরিষ্কার করা হয়।
স্লোগান ও প্রত্যক্ষদর্শীদের বক্তব্যের ভিত্তিতে তিনি ধারণা করেন, এ ঘটনার সঙ্গে আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা জড়িত থাকতে পারেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করে আশুলিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) তরিকুল ইসলাম বলেন, খবর পাওয়ার পরপরই ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। বিষয়টি গুরুত্বের সঙ্গে খতিয়ে দেখা হচ্ছে। জড়িতদের শনাক্ত করে দ্রুত আইনের আওতায় আনা হবে।
তিনি আরও বলেন, বর্তমানে ওই রুটে যান চলাচল সম্পূর্ণ স্বাভাবিক রয়েছে। যেকোনো অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে এবং সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে মহাসড়কে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।



