আশুলিয়ায় অতিরিক্ত দামে গ্যাস সিলিন্ডার বিক্রি, ২ লক্ষাধিক টাকা জরিমানা
সরকারিভাবে ১২ কেজির এলপিজি সিলিন্ডারের নির্ধারিত দাম এক হাজার ৫৮৫ টাকা
তাজা খবর: ঢাকা জেলার সাভারের আশুলিয়ায় সরকার নির্ধারিত দামের চেয়ে অতিরিক্ত দামে ১২ কেজির এলপিজি গ্যাস সিলিন্ডার বিক্রির অভিযোগে দুটি ডিলার পয়েন্টে অভিযান পরিচালনা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। এসময় অতিরিক্ত দামে গ্যাস সিলিন্ডার বিক্রি, বড় বোতল থেকে ছোট বোতলে গ্যাস রিফিল এবং গ্যাসের বোতলে পানি ভর্তির বিষয়ে প্রমাণ পাওয়ায় দুটি প্রতিষ্ঠানকে দুই লক্ষ দশ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
রবিবার (০৪ অক্টোবর) বিকেলে আশুলিয়ার কুটুরিয়া এবং আমতলা এলাকায় পরিচালিত অভিযানে নেতৃত্ব দেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর এর ঢাকা জেলার সহকারী পরিচালক মোঃ হাসানুজ্জামান।
অভিযানের শুরুতেই আমতলা এলাকার যমুনা এবং বিএম এলপি গ্যাসের পরিবেশক মেসার্স হাজী আব্দুর রহমান এন্টারপ্রাইজে প্রবেশ করে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। এসময় ক্রয়ের চালান, বিক্রয়ের চালান ও পরিবেশকের সরবরাহকৃত তথ্যে গড়মিল থাকায় তাদেরকে সতর্ক করা হয় এবং ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
পরবর্তীতে পার্শ্ববর্তী ইকবাল এন্টারপ্রাইজে অভিযান পরিচালনা করা হয়। এসময় অতিরিক্ত দামে গ্যাস সিলিন্ডার বিক্রি, বড় বোতল থেকে ছোট বোতলে গ্যাস রিফিল এবং গ্যাসের বোতলে পানি ভর্তির প্রমান পাওয়ায় প্রতিষ্ঠানটির মালিক ইকবাল হোসেনকে দুই লক্ষ টাকা জরিমানা করা হয়। পাশাপাশি প্রতিষ্ঠানটিকে নজরদারিতে রাখার ঘোষণা দেয়া হয়।
খোঁজ নিয়ে জানা গেছে, দেশে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) আমদানি স্বাভাবিক থাকলেও শিল্পাঞ্চল আশুলিয়ার বিভিন্ন এলাকায় খুচরা পর্যায়ে অতিরিক্ত দামে গ্যাস সিলিন্ডার বিক্রি করা হচ্ছে। সরকারিভাবে ১২ কেজির এলপিজি সিলিন্ডারের নির্ধারিত দাম এক হাজার ৫৮৫ টাকা হলেও আশুলিয়ার প্রত্যেকটি এলাকাতে তা বিক্রি হচ্ছে দুই হাজার টাকা থেকে দুই হাজার ২০০ টাকা পর্যন্ত। আবার কোথাও কোথাও তা বিক্রি হচ্ছে দুই হাজার ৪০০ টাকা পর্যন্ত। এতে বিপদে পড়েছেন শ্রমজীবি মানুষসহ নিম্ন আয়ের মানুষজন। নির্ধারিত দামের তুলনায় প্রায় দ্বিগুণ দামে সিলিন্ডার কিনতে হওয়ায় সংসারের ব্যয় সামলাতে হিমশিম খেতে হচ্ছে তাদের।
জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের ঢাকা জেলার সহকারী পরিচালক মোহাম্মদ হাসানুজ্জামান বলেন, সরকার নির্ধারিত দামের চেয়ে অতিরিক্ত দামে গ্যাস সিলিন্ডার বিক্রি করায় দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টিসহ কাগজপত্রে গড়মিল থাকায় মেসার্স হাজী আব্দুর রহমান এন্টারপ্রাইজকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এছাড়া অতিরিক্ত দামে গ্যাস সিলিন্ডার বিক্রি, বড় বোতল থেকে ছোট বোতলে গ্যাস রিফিল এবং গ্যাসের বোতলে পানি ভর্তির প্রমান পাওয়ায় প্রতিষ্ঠানটির ইকবাল এন্টারপ্রাইজের মালিক ইকবাল হোসেনকে দুই লক্ষ টাকা জরিমানা করা হয়েছে।
এছাড়া প্রতিষ্ঠানটিকে নজরদারিতে রাখা হচ্ছে । ভবিষ্যতে আবারো একই অসঙ্গতি পাওয়া গেলে এটিকে সিলগালা করে দেয়া হবে।



