আলোচিত সাবেক সেনা কর্মকর্তা মাসুদের ৫ দিনের রিমান্ড
মানব পাচারের অভিযোগের একটি মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়
তাজা খবর: এক-এগারোর পটপরিবর্তনের অন্যতম আলোচিত সাবেক সেনা কর্মকর্তা ও ফেনী-৩ আসনের সাবেক সংসদ সদস্য লেফটেন্যান্ট জেনারেল (অবসরপ্রাপ্ত) মাসুদ উদ্দিন চৌধুরীকে মানব পাচার আইনের একটি মামলায় জিজ্ঞাসাবাদের জন্য পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। মঙ্গলবার বিকেলে শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আমিনুল ইসলাম জুনাইদ এই আদেশ দেন।
ঢাকার মহানগর দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর ওমর ফারুক ফারুকী রিমান্ডের বিষয়টি নিশ্চিত করেছেন। এর আগে সোমবার রাতে রাজধানীর বারিধারা এলাকা থেকে মাসুদ উদ্দিন চৌধুরীকে গ্রেপ্তার করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।
পুলিশ সূত্রে জানা গেছে, মাসুদ উদ্দিন চৌধুরীর বিরুদ্ধে ফেনী জেলায় ছয়টি এবং ঢাকা মহানগর এলাকায় পাঁচটিসহ মোট ১১টি মামলা রয়েছে। সোমবার রাতে গ্রেপ্তারের পর মঙ্গলবার তাঁকে পল্টন থানার মানব পাচারের অভিযোগের একটি মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয় এবং রিমান্ডের আবেদন করা হয়।
২০০৭ সালে সেনাবাহিনীর নবম ডিভিশনের জিওসির দায়িত্বে থাকা মাসুদ উদ্দিন চৌধুরী এক-এগারোর পটপরিবর্তনে অন্যতম প্রধান ভূমিকা পালন করেছিলেন। ওই সময় তিনি গুরুতর অপরাধ দমনসংক্রান্ত জাতীয় সমন্বয় কমিটির সমন্বয়ক হন এবং পদোন্নতি পেয়ে লেফটেন্যান্ট জেনারেল হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। তাঁর নেতৃত্বাধীন এই কমিটির অধীনেই সে সময় দেশব্যাপী দুর্নীতিবিরোধী অভিযান পরিচালিত হয়েছিল।
পরবর্তীতে ২০০৮ সালে মাসুদ উদ্দিন চৌধুরী অস্ট্রেলিয়ায় বাংলাদেশের হাইকমিশনার নিযুক্ত হন। আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসার পর তিন দফায় তাঁর চাকরির মেয়াদ বৃদ্ধি করা হয়। অবসর গ্রহণের পর তিনি ঢাকায় রেস্তোরাঁসহ একাধিক ব্যবসায় যুক্ত হন।
রাজনীতিতে প্রবেশের ক্ষেত্রে ২০১৮ সালে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ফেনী-৩ আসনে তিনি প্রথমে আওয়ামী লীগের মনোনয়ন চেয়ে ফরম জমা দিয়েছিলেন। পরে জাতীয় পার্টিতে (জাপা) যোগ দিয়ে দলটির সভাপতিমণ্ডলীর সদস্যপদ লাভ করেন এবং ২০১৮ ও ২০২৪ সালে জাপার মনোনয়নে দুই দফায় সংসদ সদস্য নির্বাচিত হন।



