অপরাধ ও দুর্নীতি

আশুলিয়ায় স্ত্রীকে শ্বাসরোধে হত্যা করে পালিয়ে গেলেন স্বামী

স্বামী-স্ত্রী উভয়েই ওই বাড়িতে ভাড়া থেকে স্থানীয় পোশাক কারখানায় কাজ করতেন

তাজা খবর: ঢাকার সাভারের আশুলিয়ায় এক নারী পোশাক শ্রমিকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় নিহতের স্বামী পলাতক থাকায় এটি হত্যা নাকি আত্মহত্যা, তা নিয়ে রহস্যের সৃষ্টি হয়েছে।

বৃহস্পতিবার (১৩ আগস্ট) সকালে বিষয়টি নিশ্চিত করেন আশুলিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) আব্দুল কুদ্দুস।

এর আগে একই দিন সকাল সাড়ে ৯টার দিকে আশুলিয়া থানাধীন ইয়ারপুর ইউনিয়নের জামগড়া রূপায়ন ১ নং গেট সংলগ্ন শাহীন মিয়ার মালিকানাধীন ভাড়া বাড়ি থেকে ওই নারীর মরদেহ উদ্ধার করা হয়।

নিহত বিথী আক্তার (২২) কুড়িগ্রাম জেলার ফুলবাড়ি থানার তালুক শিমলাবাড়ী এলাকার বাদশা মিয়ার মেয়ে । তার স্বামীর নাম মজনু। তারা স্বামী-স্ত্রী উভয়েই ওই বাড়িতে ভাড়া থেকে স্থানীয় পোশাক কারখানায় কাজ করতেন বলে জানা গেছে।

স্থানীয়দের বরাত দিয়ে পুলিশ জানায়, বুধবার রাত ১১ থেকে আজ সকালের মধ্যে যেকোনো সময় তার গলায় গামছা পেচিয়ে শ্বাসরোধে হত্যা করে তার মরদেহ ঝুলিয়ে রেখে পালিয়ে যায় তার স্বামী। স্বামী-স্ত্রীর মধ্যে বেশ কিছুদিন ধরে বিভিন্ন বিষয় নিয়ে পারিবারিক কলহ চলছিল। প্রথমে বিষয়টি আত্মহত্যা বলে ধারণা করা হলেও, নিহতের গলায় গামছা পেঁচানো থাকা এবং ঘটনার পর থেকে অটোরিকশা গ্যারেজকর্মী স্বামীর আকস্মিক পলায়নের কারণে এটি হত্যাকাণ্ড হতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

এ বিষয়ে আশুলিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) আব্দুল কুদ্দুস জানান, খবর পেয়ে ঘটনাস্থল থেকে নিহতের মরদেহ উদ্ধার করা হয়েছে। মৃত্যুর প্রকৃত কারণ জানার জন্য মরদেহটি ময়নাতদন্তের জন্য রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন হাতে পেলে এটি হত্যা নাকি আত্মহত্যা, তা নিশ্চিত হওয়া যাবে। এ ঘটনায় পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button