খাদ্য মন্ত্রণালয়ে দুর্নীতিবাজদের জায়গা হবে না: সাভারে খাদ্যমন্ত্রী
কেউ দুর্নীতি করলে তাঁর বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে
তাজা খবর: খাদ্য মন্ত্রণালয়ে কোনো দুর্নীতিবাজ কর্মকর্তা-কর্মচারীর জায়গা হবে না বলে মন্তব্য করেছেন খাদ্যমন্ত্রী আফরোজা খানম রিতা। তিনি বলেছেন, ‘কেউ দুর্নীতি করলে তাঁর বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
প্রধানমন্ত্রীর নির্দেশে বর্তমান সরকার দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছে। মন্ত্রণালয়ও এ বিষয়ে সতর্ক রয়েছে।’
রবিবার (৩০ আগস্ট) সন্ধ্যায় সাভারের নামা বাজার এলাকায় অবস্থিত সাভার সরকারি খাদ্যগুদাম পরিদর্শন শেষে তিনি এসব কথা বলেন।
খাদ্যমন্ত্রী বলেন, ‘মাত্র কিছুদিন হলো আমি এই মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছি।
কাজেই আমাকে আরেকটু দেখতে হবে, বুঝতে হবে। সবকিছু দেখা ও বোঝার পরই আমরা সিদ্ধান্ত নেব, কিভাবে দুর্নীতি এখান থেকে দূর করা যায়।’
নিরাপদ খাদ্য নিশ্চিত করার বিষয়ে মন্ত্রী বলেন, ‘মাননীয় প্রধানমন্ত্রী খাদ্যের ব্যাপারে খুবই সচেতন। আমাদের মূল লক্ষ্যই থাকবে নিরাপদ খাদ্য সাধারণ জনগণের কাছে পৌঁছে দেওয়া।
মানুষের খাদ্যকে নিরাপদ রাখার জন্য যা যা করা প্রয়োজন, আমরা তাই করব।’
খাদ্যগুদাম পরিদর্শনের সময় আরো উপস্থিত ছিলেন সাভার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাইফুল ইসলাম, সাভার খাদ্য পরিদর্শক খন্দকার সেলিম হোসেন, সাভার পৌর বিএনপির সাধারণ সম্পাদক বদিউজ্জামান বদি, ঢাকা জেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক শরিফুল আলম, সাভার পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক আব্দুর রহমানসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।



