অপরাধ ও দুর্নীতি

সাভারে দুই বেকারিকে ৩ লাখ টাকা জরিমানা

ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট অনুপম দাস অনুপ

তাজা খবর: ঢাকা জেলার সাভারে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে দুই বেকারিকে মোট ৩ লাখ টাকা জরিমানা করেছে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ। নিরাপদ খাদ্য আইন, ২০১৩-এর বিভিন্ন ধারা লঙ্ঘনের দায়ে এ জরিমানা করা হয়। পরে জরিমানার টাকা তাৎক্ষণিকভাবে আদায় করা হয়েছে।

মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) সাভার উপজেলায় এ অভিযান পরিচালনা করা হয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট অনুপম দাস অনুপ।

অভিযানে সাভার পৌরসভার গে›ডা এলাকায় অবস্থিত ভরসা বেকার্সকে ২ লাখ টাকা জরিমানা করা হয়। প্রতিষ্ঠানটির উৎপাদিত বিস্কুট, কেকসহ বিভিন্ন খাদ্যপণ্যের মোড়কে বিভ্রান্তিকর তথ্যসংবলিত লেবেল পাওয়া যায়। উৎপাদনে এমোনিয়া ব্যবহার করা হলেও বিস্কুটের মোড়কে তা উল্লেখ করা হয়নি।

এছাড়া কারখানার পরিবেশ অত্যন্ত নোংরা ও অপরিষ্কার ছিল। খাদ্য কর্মীদের গ্লাভস, মাস্ক ও ক্যাপসহ প্রয়োজনীয় স্বাস্থ্য উপকরণ ব্যবহার না করেই কাজ করতে দেখা যায়। এসব কারণে প্রতিষ্ঠানটিকে ২ লাখ টাকা জরিমানা করা হয়।

অন্যদিকে সাভার পৌরসভার কর্ণপাড়া এলাকার বেকো লাইভ বেকারিকে ১ লাখ টাকা জরিমানা করা হয়েছে। অভিযানকালে বেকারিটি চরম অপরিচ্ছন্ন অবস্থায় পরিচালনার পাশাপাশি রেফ্রিজারেটরে কাঁচা ও রান্না করা খাবার একসঙ্গে সংরক্ষণ করতে দেখা যায়। কোনো ধরনের লেভেল ছাড়াই বিভিন্ন খাদ্যপণ্য ও উপাদান সংরক্ষণ ও ব্যবহার করা হচ্ছিল।

এছাড়া প্রতিষ্ঠানটি ট্রেড লাইসেন্স, ফায়ার লাইসেন্স, প্রিমিসেস লাইসেন্স, কর্মীদের স্বাস্থ্য সনদ, পেস্ট কন্ট্রোল প্রমাণক এবং পানি পরীক্ষার হালনাগাদ সনদ দেখাতে পারেনি। এসব কারণে প্রতিষ্ঠানটিকে ১ লাখ টাকা জরিমানা করা হয় এবং তাৎক্ষণিকভাবে তা আদায় করা হয়।

অভিযানকালে ঢাকা জেলার নিরাপদ খাদ্য অফিসার মো. নাজমুল ইসলাম, সাভার উপজেলার নিরাপদ খাদ্য পরিদর্শক মো. মোজাম্মেল হোসেন, বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের অন্যান্য সাপোর্ট স্টাফ এবং ব্যাটালিয়ন আনসারের একটি দল উপস্থিত থেকে সার্বিক সহায়তা করে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button