সারা বাংলা

সাভারে পুলিশের ধাওয়ায় ছাদ থেকে পড়ে ছাত্রদলের সাবেক নেতা নিহত

তিনি সাভার থানা ছাত্রদলের সহ-সভাপতি ছিলেন

তাজা খবর: ঢাকার সাভারে পুলিশের ধাওয়া খেয়ে ছাদ থেকে পড়ে মনোয়ারুল হোসেন বকশী (২৯) নামে এক ছাত্রদল নেতা নিহতের অভিযোগ ওঠেছে।

শুক্রবার (৭ আগস্ট) দুপুরে সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল আলম ঘটনা সত্যতা নিশ্চিত করেছেন।

এর আগে, বৃহস্পতিবার দিবাগত রাতে ১২ টার দিকে সাভারের বিপিএটিসি স্টাফ কোয়ার্টারের ৫ম তলা ভবনের ছাদ থেকে পড়ে গিয়ে ওই ব্যক্তির মৃত্যু হয়।

নিহত মনোয়ারুল হোসেন বকশী সাভারের বাংলাদেশ লোক প্রশিক্ষণ কেন্দ্রের নিরাপত্তাকর্মী জাফরের ছেলে। তিনি সাভার থানা ছাত্রদলের সহ-সভাপতি ছিলেন।

প্রতিবেশী রাসেল মনি দাবি করেন, রাত সাড়ে ১২টার দিকে বিকট শব্দ শুনে বাইরে বের হয়ে তিনি ভবনের ছাদে একজন পুলিশ সদস্যকে দেখতে পান এবং নিচে মনোয়ারুলের নিথর দেহ পড়ে থাকতে দেখেন।

তার ভাষ্য, কয়েক মিনিটের মধ্যে ছাদ থেকে পুলিশ সদস্য নেমে একটি মাইক্রোবাসে ওঠেন। এরপর অন্যান্য পুলিশ সদস্যরা ওই মাইক্রোবাসে করে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করেন।

রাসেল মনি আরও জানান, মনোয়ারুলকে মুমূর্ষু অবস্থায় ভবনের নিচে পেয়ে প্রথমে বিপিএটিসির ক্লিনিকের এক চিকিৎসককে ডাকা হয়। পরে তার পরামর্শে মনোয়ারুলকে দ্রুত সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়।

ঢাকা জেলা ছাত্রদলের যুগ্ম সম্পাদক সুজন শিকদার বলেন, “পুলিশ ওই নারীকে উদ্ধারের জন্য বাসায় প্রবেশ করলে মনোয়ারুল ছাদে যান এবং পুলিশও তার পিছু নেয়। পরে তিনি ছাদ থেকে নিচে পড়ে যান।”

পুলিশের দাবি, রংপুর জেলার পীরগঞ্জ থানা থেকে প্রেমের সম্পর্কের জেরে শাহারিয়ার কবির সৌমি নামে একটি ছেলে এক নারীকে নিয়ে সাভারে মামার (ছাত্রদল নেতা) বাসায় পালিয়ে আসেন।

এ ঘটনায় পীরগঞ্জ থানায় একটি নিখোঁজ ডায়েরি করেন ওই নারীর পরিবার। বৃহস্পতিবার রাত ১১ টার দিকে তারা (পীরগঞ্জ থানা পুলিশ) সাভার মডেল থানায় আসে। পরে পীরগঞ্জ থানা পুলিশ সাভার মডেল থানার পুলিশের আরও একটি টিম নিয়ে মামা মনোয়ারুল হোসেন বকশীর বাসায় অভিযান চালায়। ভাগ্নে ও তার প্রেমিকা এর আগেই ওই বাসা থেকে চলে যায়। পরে পুলিশের উপস্থিতি টের পেয়ে মামা মনোয়ারুল ছাদে পালাতে যান।

এসময় পুলিশ ও তার পিছু নিয়ে ছাদে খুঁজতে যায়। এরপর হঠাৎ মনোয়ারুল হোসেন বকশী পাঁচতলা ভবনের ছাদ থেকে নিচে পড়ে যান।

সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল আলম বলেন, “পীরগঞ্জ থানা পুলিশ রাতে আসামি ধরার জন্য সাভারে এসেছিল। পরে আমাদের অবহিত করলেন আমাদের থানা পুলিশের একটি টিমও সঙ্গে গিয়েছিল। কিন্তু পীরগঞ্জ থানা পুলিশ ভবনের ভেতরে আসামি ধরতে গেলে একটি যুবক ছাদ থেকে পড়ে নিহত হন।”

তবে সাভার মডেল থানা পুলিশ ভবনের নিচে অবস্থান করছিল। এ ঘটনায় পাঁচ সদস্য বিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে বলে জানান পুলিশের এই কর্মকর্তা।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button