সাভারে ২৬ লাখ টাকা ডাকাতি: মাদারীপুর থেকে ডাকাত দলের ৩ সদস্য গ্রেপ্তার
২৬ লাখ টাকা ডাকাতির ঘটনাটি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে
তাজা খবর: ঢাকার সাভারে প্রকাশ্যে ২৬ লাখ টাকা ডাকাতির ঘটনায় কথিত ডাকাত দলের তিন সদস্যকে মাদারীপুর থেকে গ্রেপ্তার করেছে ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশ (ডিবি)। এ সময় তাদের কাছ থেকে পুলিশের পোশাক, ধারালো অস্ত্র, মোটরসাইকেল, মোবাইল ফোন, নগদ টাকা ও বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়েছে। বুধবার (৭ অক্টোবর) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ সাইদুল ইসলাম।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন- মাদারীপুরের কালকিনি থানার আলীপুর গ্রামের খলিল সরদারের ছেলে মো. উজ্জল সরদার (৩২), মাদারীপুর সদর মডেল থানার কুলপদ্দি গ্রামের মৃত হানিফ সিকদারের ছেলে মো. জুয়েল সিকদার (৩৮) এবং কালকিনির খাসেরহাট গ্রামের মজিবুর হাওলাদারের ছেলে মো. তামিম হাওলাদার (২৫)।
ডিবি পুলিশ জানায়, গত ১০ সেপ্টেম্বর সকাল আনুমানিক ১১টার দিকে সাভার মডেল থানার হেমায়েতপুর বাসস্ট্যান্ডসংলগ্ন ঢাকা-আরিচা মহাসড়কের সাভারমুখী লেনের দক্ষিণ পাশ থেকে উত্তর পাশে যাওয়ার সময় ২৬ লাখ টাকা ডাকাতির ঘটনা ঘটে। এ ঘটনায় সাভার মডেল থানায় মামলা দায়ের করা হয়। মামলাটির তদন্তে তথ্যপ্রযুক্তির সহায়তা ও বিভিন্ন কৌশল অবলম্বন করে জড়িতদের শনাক্তের চেষ্টা চালায় ঢাকা জেলা উত্তর ডিবি।
এরই ধারাবাহিকতায় ঢাকা জেলা পুলিশ সুপার শামীমা পারভীনের নির্দেশনায় এবং ডিবি উত্তর-এর অফিসার ইনচার্জ মোহাম্মদ সাইদুল ইসলামের নেতৃত্বে অভিযান পরিচালনা করা হয়। পরে এসআরবি-নবীনগর ক্যাম্প ও এসআরবি-মাদারীপুরের সহযোগিতায় ডিবি পুলিশের এসআই মো. মনির হোসেন, এএসআই মো. আব্দুস সালাম ও সঙ্গীয় ফোর্স ৬ অক্টোবর সকাল সাড়ে ৭টার দিকে মাদারীপুরের রাজৈর থানাধীন টেকেরহাট এলাকায় অভিযান চালিয়ে তিনজনকে গ্রেপ্তার করে।
গ্রেপ্তারের সময় তাদের কাছ থেকে একটি নীল রঙের TVS Apache মোটরসাইকেল, তিনটি Symphony A30 বাটন মোবাইল ফোন, চারটি অ্যান্ড্রয়েড মোবাইল ফোনসহ কয়েকটি মোবাইল, নগদ ১৩ হাজার ১৬৭ টাকা, ‘জাহিদুল’ নামের একটি নেমপ্লেট, বিভিন্ন কাগজপত্রসহ তিনটি মানিব্যাগ, দুটি হাতঘড়ি, ছয়টি চাবিসহ একটি চাবির রিং, পুলিশের একটি নীল রঙের টি-শার্ট, একটি লোহার হাসুয়া ও দুটি লোহার ছুরি উদ্ধার করা হয়েছে।
ডিবি সূত্রে জানা গেছে, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার ব্যক্তিরা বিভিন্ন সময় প্রাইভেটকার, হাইয়েস ও নোয়াহ গাড়ি ব্যবহার করে বিভিন্ন বাহিনীর পরিচয়ে অপরাধ সংঘটনের কথা স্বীকার করেছে। তবে সাভারে ২৬ লাখ টাকা ডাকাতির ঘটনায় তাদের প্রত্যেকের সুনির্দিষ্ট ভূমিকা কী ছিল এবং এ ঘটনার সঙ্গে আরও কারা জড়িত- তা তদন্ত করে দেখা হচ্ছে।
পুলিশের অপরাধ তথ্যভান্ডার সিডিএমএস পর্যালোচনায় উজ্জল সরদারের বিরুদ্ধে শরীয়তপুরের গোসাইরহাট থানায় চুরি ও চুরির চেষ্টার অভিযোগে একটি মামলা এবং তামিম হাওলাদারের বিরুদ্ধে রাজধানীর গুলশান থানায় অস্ত্র আইনে একটি মামলা থাকার তথ্য পাওয়া গেছে বলে জানিয়েছে ডিবি।
ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ সাইদুল ইসলাম বলেন, ২৬ লাখ টাকা ডাকাতির ঘটনাটি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। তথ্যপ্রযুক্তি ও মাঠপর্যায়ের তথ্য বিশ্লেষণ করে তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। প্রাথমিকভাবে তাদের কাছ থেকে বিভিন্ন অপরাধে ব্যবহৃত সরঞ্জাম ও অস্ত্র উদ্ধার হয়েছে। এই চক্রের সঙ্গে আর কেউ জড়িত আছে কি না, ডাকাতির মূল পরিকল্পনাকারী ও অর্থের গতিপথ কী- এসব বিষয় খতিয়ে দেখা হচ্ছে।
তিনি আরও বলেন, গ্রেপ্তার তিনজনকে সাভার মডেল থানায় দায়ের করা ডাকাতির মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে। মামলার তদন্ত এবং ঘটনার সঙ্গে জড়িত অন্যদের শনাক্ত করতে তাদের বিরুদ্ধে সাত দিনের রিমান্ড আবেদন করে আদালতে পাঠানো হয়েছে।



